চট্টগ্রাম নগরের লালখান বাজারে গত রোববার বিকেলে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত পাঁচজন আহত হন। মে দিবসের সমাবেশে যাওয়ার পথে এই সংঘর্ষ হয় বলে জানা গেছে।সংঘর্ষে আহত ব্যক্তিরা হলেন শেখ মহিউদ্দীন, মাইনুদ্দীন, এফাজ উদ্দীন, কামাল উদ্দীন ও সিজাশ দাশ। তাঁরা নগর কমিটির সহসভাপতি সাংসদ নুরুল ইসলাম বিএসসি এবং যুগ্ম সম্পাদক প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীনের সমর্থক। অভিযোগ পাওয়া গেছে, নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর সমর্থকদের হামলায় এই পাঁচজন আহত হন। ঘটনার সময় মহিউদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন। এ ঘটনায় দুই পক্ষই খুলশী থানায় দুটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে।ঘটনার পর থেকে লালখান বাজার ওয়ার্ড কার্যালয়ের সামনে সার্বক্ষণিক পুলিশ মোতায়েন রয়েছে। পাশাপাশি ওই এলাকায় র্যাবের টহল জোরদার করা হয়েছে। এই ওয়ার্ডের কাউন্সিলর এ এফ কবির আহমদ মন্ত্রীর সমর্থক।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মে দিবস উপলক্ষে নগর আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন চৌধুরীর অনুসারীরা লালদীঘি মাঠে সমাবেশ ডাকেন। নুরুল ইসলাম-আফছারুল আমীনের অনুসারীরা সমাবেশের ডাক দেন পুরাতন রেলস্টেশন চত্বরে। সমাবেশে যাওয়ার জন্য উভয় পক্ষের নেতা-কর্মীরা ইস্পাহানী মোড়ে সমবেত হন। মন্ত্রীর অনুসারীদের নেতৃত্বে ছিলেন লালখান বাজার ওয়ার্ড কাউন্সিলর কবির আহমদ এবং মহিউদ্দিনের অংশে ছিলেন নগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফরিদ উদ্দিন। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে ইস্পাহানী মোড়ে উপস্থিত হন মহিউদ্দিন চৌধুরী। এ সময় তাঁর অনুসারীরা প্রতিপক্ষের নেতা-কর্মীদের ধাওয়া করলে সংঘর্ষ বেধে যায়। এতে অন্তত চারজন আহত হন। পরে পুলিশ এসে উভয় পক্ষকে সরিয়ে দেয়। সংঘর্ষের পর মহিউদ্দিন চৌধুরী ইস্পাহানী মোড়ে তাৎক্ষণিক সমাবেশ করেন। এরপর তিনি অনুসারীদের নিয়ে লালদীঘি মাঠে চলে যান।ওয়ার্ড কাউন্সিলর কবির অভিযোগ করেন, ‘আমরা সমাবেশে যাওয়ার জন্য পুরাতন রেলস্টেশনে সমবেত হই। এ সময় যুবলীগের নেতা ফরিদের নেতৃত্বে সন্ত্রাসীরা মহিউদ্দিন চৌধুরীর সামনেই আমাদের ওপর হামলা চালায়। পরে আমরা পাল্টা প্রতিরোধ গড়ে তুলি।’ফরিদ অবশ্য দাবি করেন, ‘মহিউদ্দিন চৌধুরীর নেতৃত্বে সমাবেশ চলাকালে আমি মাইকের কাছেই ছিলাম। এ সময় প্রতিপক্ষের কিছু লোক উসকানিমূলক স্লোগান দেওয়ায় নেতা-কর্মীরা খেপে যান। এতে সংঘর্ষ বাধে।’ নগর পুলিশের কোতোয়ালি অঞ্চলের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ মনজুর মোরশেদ বলেন, রোববার বিকেলে দুই পক্ষের সংঘর্ষের পর ওই এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। খুলশী থানার কর্তব্যরত কর্মকর্তা সহকারী উপপরিদর্শক ফরিদ উদ্দিন বলেন, সংঘর্ষের ঘটনায় দুটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। পৃথক সমাবেশ: শ্রমিক লীগের ব্যানারে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বিবদমান দুই পক্ষ মে দিবসে আলাদা সমাবেশ করে। মহিউদ্দিনের অনুসারীদের লালদীঘি মাঠে এবং আফছারুল আমীনের অনুসারীদের সমাবেশ হয় পুরাতন রেলস্টেশন চত্বরে। লালদীঘি মাঠের সমাবেশে সভাপতিত্ব করেন নগর শ্রমিক লীগের সভাপতি বখতিয়ার উদ্দিন খান। এতে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাংসদ মোশারফ হোসেন প্রধান অতিথি এবং মহিউদ্দিন চৌধুরী বিশেষ অতিথি ছিলেন।পুরাতন রেলস্টেশন চত্বরের সমাবেশে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন। সভাপতিত্ব করেন নগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম।