চট্টগ্রামে আ.লীগের দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া
চট্টগ্রাম নগরের পাঠানটুলীতে আওয়ামী লীগের সম্মেলন নিয়ে ছাত্রলীগ ও যুবলীগের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার নগরের আগ্রাবাদ চৌমুহনীর একটি কমিউনিটি সেন্টারে ওয়ার্ড কাউন্সিল চলাকালে এ ঘটনা ঘটে। এ সময় পুলিশ তিনটি কিরিচ উদ্ধার করেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বিকেল পাঁচটার দিকে একটি কমিউনিটি সেন্টারে উত্তর পাঠানটুলী ওয়ার্ডের একটি ইউনিটের আওয়ামী লীগের সম্মেলন চলাকালে ছাত্রলীগ ও যুবলীগের দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে দুই পক্ষ কমিউনিটি সেন্টার থেকে বের হয়ে পাল্টাপাল্টি ধাওয়ায় লিপ্ত হয়। পুলিশ জানায়, দুই পক্ষ লাঠিসোঁটা ও কিরিচ নিয়ে মুখোমুখি অবস্থান নেয়। একপর্যায়ে তারা সড়ক অবরোধ করে। এ সময় গুরুত্বপূর্ণ এই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ গিয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল শুরু হয়। এ সময় পুলিশ কমিউনিটি সেন্টার থেকে তিনটি কিরিচ উদ্ধার করে। তবে কাউকে আটক করা যায়নি। ডবলমুরিং অঞ্চলের সহকারী কমিশনার (এসি) উখ্যা সিং বলেন, আওয়ামী লীগের সম্মেলন নিয়ে ছাত্রলীগ ও যুবলীগের দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছিল। এ সময় সড়ক অবরোধ করা হয়। পুলিশ কয়েক মিনিটের মধ্যে অবরোধকারীদের রাস্তা থেকে তুলে দেয়।