চট্টগ্রামে আ.লীগের নেতাদের মিলনমেলা
চট্টগ্রাম নগরের আগ্রাবাদে গতকাল বৃহস্পতিবার বিকেলে একটি বিপণিবিতানের উদ্বোধনী অনুষ্ঠান পরিণত হয়েছিল আওয়ামী লীগের স্থানীয় নেতাদের মিলনমেলায়। তাঁরা পরস্পরের সঙ্গে কুশল বিনিময় করেন। একান্তেও কথা বলেন অনেকে।চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাংসদ আখতারুজ্জামান চৌধুরীর নামে প্রতিষ্ঠিত ওই বিপণিবিতানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন। অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আতাউর রহমান খান কায়সার, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী, সাংসদ আখতারুজ্জামান চৌধুরী, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাংসদ মোশাররফ হোসেন, সাংসদ নুরুল ইসলাম বিএসসি, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোছলেমউদ্দিন আহমদসহ নগর ও জেলার বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।দলীয় সূত্র জানায়, চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগের বিরোধ সামনে চলে এসেছিল। নির্বাচনের আগে স্থানীয় নেতাদের একাংশ মহিউদ্দিন চৌধুরীর বিরোধিতা করে বক্তৃতা-বিবৃতি দেন। বিরোধ নিরসনে আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকায় গণভবনে চট্টগ্রামের নেতাদের সঙ্গে বৈঠক করেন এবং দলের সমর্থিত মেয়র প্রার্থী মহিউদ্দিন চৌধুরীর পক্ষে সবাইকে কাজ করতে বলেন। তবে নির্বাচনে মহিউদ্দিন চৌধুরী পরাজিত হন। গতকালের অনুষ্ঠানে মহিউদ্দিন চৌধুরী সবার সঙ্গে হাসিমুখে কথা বলেন।দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোছলেমউদ্দিন আহমদ প্রথম আলোকে বলেন, ‘আমাদের মধ্যে দ্বিধা-দ্বন্দ্ব থাকতে পারে। প্রয়োজনে আবার আমরা ঐক্যবদ্ধ হতে পারি। এই মুহূর্তে চট্টগ্রামে আওয়ামী লীগের নেতাদের মধ্যে দ্বন্দ্ব নেই। এ অনুষ্ঠানের মাধ্যমে আমাদের মধ্যে দ্বন্দ্ব-বিরোধ সব কেটে গেছে।’