চট্টগ্রামে আ.লীগের সভার অদূরে অস্ত্রশস্ত্রের স্তূপ!
চট্টগ্রামের সদরঘাট থানাধীন পশ্চিম মাদারবাড়ির একটি আবাসিক হোটেলের সামনে থেকে পরিত্যক্ত অবস্থায় পুলিশ অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে। এর অদূরে চলছিল ওয়ার্ড আওয়ামী লীগের বর্ধিত সভা।
ওই সভায় নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন। উদ্ধার হওয়া অস্ত্রশস্ত্রের মধ্যে রয়েছে ছয়টি ধারালো কিরিচ, ১০টি চাপাতি, পাঁচটি ছোরা এবং বিপুল লাঠিসোঁটা। আওয়ামী লীগের প্রতিপক্ষের সমর্থকেরা অস্ত্রগুলো স্তূপ করে রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে। বর্ধিত সভায় বিশৃঙ্খলা করা তাঁদের উদ্দেশ্য থাকতে পারে।
জানতে চাইলে নগর পুলিশের অতিরিক্ত কমিশনার বনজ কুমার মজুমদার প্রথম আলোকে বলেন, কে বা কারা পশ্চিম মাদারবাড়ি এলাকায় অস্ত্রশস্ত্র জড়ো করে। পুলিশ তা উদ্ধার করেছে। অস্ত্রগুলো কারা এনেছে তা খতিয়ে দেখছে পুলিশ।
দলীয় সূত্র জানায়, আগামী ২৯ জুন ওয়ার্ড আওয়ামী লীগের কাউন্সিলের দিন নির্ধারণ হয়েছে। ওই কাউন্সিলের প্রতিনিধিদের তালিকা তৈরির জন্য গতকাল বর্ধিত সভা ডাকা হয়।