চট্টগ্রামে আ.লীগের হরতাল বিরোধী মিছিল সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন গতকাল রোববার চট্টগ্রামে পৃথকভাবে হরতালবিরোধী মিছিল ও সমাবেশ করেছে। সমাবেশে বক্তারা বলেছেন, বিএনপি ইস্যুবিহীন হরতালের মধ্য দিয়ে অরাজকতা ও ভাঙচুরের রাজনীতি শুরু করেছে। মানুষকে পুড়িয়ে মারছে। নগর আওয়ামী লীগের উদ্যোগে সকালে দারুল ফজল মার্কেট চত্বরে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দলের সভাপতিমণ্ডলীর সদস্য আখতারুজ্জামান চৌধুরী বলেন, কোনো অবাঞ্ছিত ঘটনাকে কেন্দ্র করে হরতালের নামে নৈরাজ্য সৃষ্টি প্রতিহত করা হবে। যুদ্ধাপরাধীদের রক্ষার জন্যই তারা এ হরতাল ডেকেছে বলে তিনি অভিযোগ করেন। সমাবেশে নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক, ফিরোজ আহমেদ, এম এ রসিদ, শফিকুল ইসলাম, শফিক আদনান, বখতেয়ার উদ্দিন খান প্রমুখ বক্তব্য দেন। এদিকে ছাত্রলীগ কোতোয়ালি থানা শাখা সকালে এনায়েতবাজার মোড়ে হরতালবিরোধী সমাবেশ ও মিছিল করে। নগর ছাত্রলীগের সহসভাপতি রাজিব দত্তের সভাপতিত্বে হরতালবিরোধী সমাবেশে মহানগর আওয়ামী লীগের নেতা গৌরাঙ্গ চন্দ্র ঘোষ, যুবলীগের নেতা হেলাল আকবর চৌধুরী, বিপু ঘোষ, রণজিৎ দে প্রমুখ বক্তব্য দেন। একইভাবে লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে হরতালবিরোধী সমাবেশ করেছে। এখানে আওয়ামী লীগের নেতা এ এফ কবির মানিক, আবু সাঈদ, শেখ মহিউদ্দিন বাবু, এনামুল হক আবদুল্লাহ হাসান প্রমুখ বক্তব্য দেন। এ ছাড়া বঙ্গবন্ধু ছাত্র পরিষদ মহানগর শাখা হরতালবিরোধী মিছিল বের করে। মিছিলটি জিইসি মোড় হয়ে ইস্পাহানি মোড়ে এসে শেষ হয়।