চট্টগ্রামে আ.লীগের হরতাল বিরোধী মিছিল সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন গতকাল মঙ্গলবারও নগরের বিভিন্ন এলাকায় হরতালবিরোধী মিছিল-সমাবেশ করেছে। সমাবেশে বক্তারা বিএনপির কঠোর সমালোচনা করেন। দারুল ফজল মার্কেট চত্বরে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন নগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী। সমাবেশে মহিউদ্দিন চৌধুরী বিরোধী দলকে হরতালের অপতৎপরতা পরিহার করে সুষ্ঠু ধারার রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানান। তিনি বলেন, আওয়ামী লীগ জনগণের দল। তাই জনস্বার্থ পরিপন্থী বিরোধী দলের যেকোনো ধরনের ষড়যন্ত্র রাজপথে থেকে প্রতিরোধ করতে প্রস্তুত রয়েছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। সমাবেশ শেষে মহিউদ্দিন চৌধুরীর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। নগর আওয়ামী লীগের নেতা মাহবুবুল হক মিয়ার সভাপতিত্বে আরেকটি সমাবেশ হয় নগরের নিউমার্কেট এলাকায়। এতে প্রধান অতিথি ছিলেন সাংসদ নুরুল ইসলাম বিএসসি। তিনি বলেন, বিরোধী দল হরতাল দিয়ে দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করার চেষ্টা করছে। তাদের দেশবিরোধী হরতাল জনগণ প্রত্যাখ্যান করেছে। ইলিয়াস আলীকে নিজেরা লুকিয়ে রেখে দেশে অরাজক পরিস্থিতির সৃষ্টি করছে। তাদের এ হরতাল ইলিয়াস আলীর সন্ধানে নয়, যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করার জন্য। নুরুল ইসলাম এর বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মাহবুব মিন্টু, জামশেদুল আলম চৌধুরী, আবদুর রহমান, মো. গিয়াস উদ্দিন প্রমুখ। দক্ষিণ জেলা আওয়ামী লীগ: গতকাল কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে হরতালবিরোধী সমাবেশ করেছে দক্ষিণ জেলা আওয়ামী লীগ। সৈয়দ জামাল আহমদের সভাপতিত্বে হরতালবিরোধী সমাবেশে প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোছলেম উদ্দিন আহমদ।