চট্টগ্রামে আ.লীগের হরতালবিরোধী সমাবেশ
চট্টগ্রাম নগরের ২০টি মোড়ে গতকাল মঙ্গলবারও হরতালবিরোধী মিছিল-সমাবেশ করেছে আওয়ামী লীগের নগর শাখা ও সামাজিক প্রতিরোধ কমিটি। এ সময় বিভিন্ন মোড়ে বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণ প্রচারিত হয়।গতকাল নগরের লালখান বাজার মোড়, মোমিন রোড, বহদ্দারহাট, বাকলিয়া, নিউমার্কেট চত্বর, আগ্রাবাদ, বড়পোল, বন্দরটিলাসহ বিভিন্ন স্থানে এই কর্মসূচি পালিত হয়।এদিকে হরতালের বিরুদ্ধে গতকাল বিকেলে নগরের দারুল ফজল মার্কেটে সমাবেশ করে আওয়ামী লীগ। এই সমাবেশে আওয়ামী লীগের নগর শাখার সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধরীসহ শীর্ষ নেতারা বক্তব্য দেন। নগরের বিভিন্ন স্থানে হরতালের প্রতিবাদে মিছিল করেছে ছাত্রলীগ ও যুবলীগ নগর শাখা।বন্দরটিলার হরতালবিরোধী সমাবেশে অংশ নেন ৪৪ নম্বর পূর্ব হালিশহর সাংগঠনিক ওয়ার্ডের আহ্বায়ক রোটারিয়ান মোহাম্মদ ইলিয়াস। তিনি প্রথম আলোকে বলেন, ‘দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আমরা সোমবার থেকে বন্দরটিলা এলাকায় মিছিল-সমাবেশ করছি। বিরোধী দল একের পর এক হরতাল দিয়ে দেশকে পিছিয়ে দিচ্ছে। বিএনপি-জামায়াতের চলমান নৈরাজ্য আমরা মহিউদ্দিন চৌধুরীর নেতৃত্বে ঠেকাতে প্রস্তুত আছি।’