চট্টগ্রামে আইআইইউসি ক্যাম্পাসে বিভাগীয় বিজ্ঞান অলিম্পিয়াড
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) উপাচার্য এ কে এম আজহারুল ইসলাম বলেছেন, পুরো জগৎটাই বিজ্ঞানময়। জীবন ও জগৎ বুঝতে হলে বিজ্ঞান জানতে হবে। বিজ্ঞান অলিম্পিয়াড হচ্ছে বুদ্ধির প্রতিযোগিতা, যা বিশাল পরিসরে বড় অর্জনের সুযোগ করে দেয়।গতকাল শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের কুমিরা স্থায়ী ক্যাম্পাসে আয়োজিত দিনব্যাপী বিভাগীয় বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য আজহারুল ইসলাম এ কথা বলেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আইআইইউসির সহ-উপাচার্য আবু বকর রফিক। স্বাগত বক্তব্য দেন বিজ্ঞান অলিম্পিয়াড কমিটির সদস্যসচিব এবং আইআইইউসির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের সহযোগী অধ্যাপক সামসুল আলম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আইআইইউসির অতিরিক্ত পরিচালক মো. মামুনুর রশীদ এবং সিএসই বিভাগের সহকারী অধ্যাপক ফারহানা হায়দার। বিজ্ঞান অলিম্পিয়াডে দুই ঘণ্টা লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে স্কুল বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান লাভ করে যথাক্রমে কলেজিয়েট স্কুলের অনিক মজুমদার, এহতেশামুল আজিম এবং চট্টগ্রাম সরকারি উচ্চবিদ্যালয়ের আসিফ আনজুম খান। কলেজ বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছে যথাক্রমে মো. ওয়ালিউল্লাহ চৌধুরী, সাহিক আহমেদ ও অর্ণব দাশগুপ্ত। এরা সবাই চট্টগ্রাম সরকারি কলেজের ছাত্র। প্রতিযোগিতায় ৩৩টি স্কুল ও ১৪টি কলেজের ৩৪৮ জন শিক্ষার্থী অংশ নেয়। সমাপনী পর্বে বিজয়ীদের মধ্যে পদক ও সনদ তুলে দেওয়া হয়।