চট্টগ্রামে আইনজীবীদের কর্মসূচি চলছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে দুজন বিচারকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তৃতীয় দিনের মতো কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি। গতকাল সোমবার কর্মসূচি পালনকালে সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম এবং অর্থঋণ আদালতের বিচারকের আদালত বর্জন করা হয়।এর আগে গত রোববার ও বৃহস্পতিবার একই কর্মসূচি পালন করা হয়। আগের দুই দিনের মতো গতকাল সোমবার সকালেও কয়েকজন আইনজীবী চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম এ বি এম নিজামুল হক এবং চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক মাহবুবুল আলমের এজলাসের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এ সময় দুজন বিচারক এজলাসে ছিলেন না।বিক্ষোভ সমাবেশে দুজন বিচারককে চট্টগ্রাম থেকে প্রত্যাহার করে নিতে সরকারের প্রতি আহ্বান জানান আইনজীবীরা। এর আগে গত ১১ জুলাই সমিতির এক সাধারণ সভায় দুজন বিচারকের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে তাঁদের সরিয়ে দিতে এক মাসের সময়সীমা বেঁধে দেওয়া হয়।চট্টগ্রাম আদালতের প্রবীণ আইনজীবী মনতোষ বড়ুয়া প্রথম আলোকে বলেন, ‘যাঁদের বিরুদ্ধে অভিযোগ এসেছে, তাঁরা সরকারের আইন মন্ত্রণালয় কর্তৃক নিয়োগপ্রাপ্ত। সরকার তাঁদের বিষয়ে কোনো সিদ্ধান্ত নিচ্ছেন না। পাশাপাশি যাঁদের বিরুদ্ধে অভিযোগ, তাঁরাও নিজে থেকে সরে যাচ্ছেন না। সমিতির পদক্ষেপও অনেকটা চোর-পুলিশ খেলার মতোই। অতীতেও আমাদের চাওয়া ছিল আদালত অঙ্গন থেকে দুর্নীতিবাজ বিচারক ও আইনজীবীরা সমূলে উৎপাটিত হবেন। ন্যায়বিচারের আশায় যাঁরা আসেন, তাঁরা চান বিচারের বাণী যেন নিভৃতে না কাঁদে।’চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অশোক কুমার দাশ প্রথম আলোকে বলেন, ‘যত দিন সাফল্য অর্জিত হবে না, তত দিন কর্মসূচি চলবে। প্রয়োজনে আমরা কঠোর কর্মসূচিও ঘোষণা করব। তবে আমরা আশাবাদী, স্বল্প সময়ের মধ্যেই সফল হব।’