চট্টগ্রামে আইনজীবীদের পৃথক সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে চট্টগ্রামে আওয়ামী ও বিএনপিপন্থী আইনজীবীরা পৃথক সমাবেশ করেছেন। গতকাল রোববার দুপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে নতুন আদালত ভবনের সামনে প্রথমে বিএনপিপন্থী আইনজীবীরা এবং পরে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের উদ্যোগে আওয়ামীপন্থী আইনজীবীরা সমাবেশ করেন।

বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি রতন কুমার রায়, সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ, মহানগর সরকারি কৌঁসুলি মো. ফখরুদ্দিন চৌধুরী, সাবেক জেলা সরকারি কৌঁসুলি মো. আবুল হাশেম, জে৵ষ্ঠ আইনজীবী ইফতেখার সাইমুল চৌধুরী, অশোক কুমার দাশ, মেজবাহ উদ্দিন চৌধুরী প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, মহামান্য সুপ্রিমকোর্ট প্রদত্ত ষোড়শ সংশোধনী বাতিলের রায়ে আপত্তিকর, অসাংবিধানিক ও অগণতান্ত্রিক পর্যবেক্ষণগুলো স্বপ্রণোদিত হয়ে প্রত্যাহার করা হোক। এটি না হলে আন্দোলন গড়ে তোলা হবে।

এর আগে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সম্মেলন প্রস্তুতি কমিটির চট্টগ্রামের আহবায়ক আবদুস সাত্তারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক, জে৵ষ্ঠ আইনজীবী বদরুল আনোয়ার, রফিক আহমেদ, নাজিম উদ্দিন, এসইউএম নুরুল ইসলাম, কামরুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, সরকারের দায়িত্বশীল পদে থেকে ষোড়শ সংশোধনী নিয়ে যেসব বক্তব্য রাখা হচ্ছে তা আদালত অবমাননার পর্যায়ে পড়ে। কয়েকজনের নাম উল্লেখ করে তাঁদের দায়িত্ব থেকে প্রত্যাহারেরও দাবি জানান আইনজীবীরা।