চট্টগ্রামে আইনজীবীসহ গ্রেপ্তার ১৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের দক্ষিণ পাহাড়তলীর ঝর্ণাপাড়া এলাকা থেকে গত শনিবার মধ্যরাতে এক আইনজীবীসহ ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, তারা নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহ্রীরের কর্মী। তাঁদের বিরুদ্ধে ডবলমুরিং থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে।
গতকাল রোববার বিকেলে আসামিদের চট্টগ্রাম মহানগর হাকিম মো. নাজমুল হোসেন চৌধুরীর আদালতে হাজির করে পুলিশ। শুনানি শেষে আদালত সবাইকে কারাগারে পাঠানোর আদেশ দেন। গ্রেপ্তারের ২৪ ঘণ্টার মধ্যে এক আসামিকে কেন আদালতে হাজির হয়নি, সে জন্য ডবলমুরিং থানার ওসির কাছে কারণ ব্যাখ্যা চেয়েছেন বিচারক।
গ্রেপ্তার আসামিদের মধ্যে একজন আইনজীবী। তাঁর নাম মো. ইব্রাহীম। তাঁর আইনজীবী আনোয়ারুল হক গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, আইনজীবী ইব্রাহীম হিযবুত তাহ্রীরের সঙ্গে জড়িত নন। ইব্রাহীমকে গত শুক্রবার রাত ১২টার দিকে তাঁর হালিশহর নয়াবাজারের বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন তাঁকে আদালতে হাজির করার নিয়ম থাকলেও পুলিশ ২৪ ঘণ্টা পর আদালতে হাজির করে। বিষয়টি আদালতকে জানানো হলে ডবলমুরিং থানার ওসির কাছে কারণ ব্যাখ্যা চান আদালত।
গ্রেপ্তার অন্য আসামিরা হলেন মো. রাসেল, আহসান শাহরিয়ার, নুর ইসলাম, মিনহাজ উদ্দিন, মেহেদী হাসান, মইনুল ইসলাম, মিনহাজুল আবেদীন, এ কে এম মান্নান, আল আমিন, খোরশেদ আলম, সাইফুল আলম, মো. শামীম, মো. মাসুম, আক্তার হোসেন, শাহনেওয়াজ ও আলাউদ্দিন। তাঁদের বয়স ১৮ থেকে ৪৩ বছরের মধ্যে।
নগর পুলিশের সহকারী কমিশনার (ডবলমুরিং অঞ্চল) এ বি এম ফয়জুল ইসলাম প্রথম আলোকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার মধ্যরাতে অভিযান চালিয়ে দক্ষিণ পাহাড়তলীর ঝর্ণাপাড়া এলাকার একটি দোকানের সামনে থেকে হিযবুত তাহ্রীরের প্রচারপত্রসহ গোপন বৈঠক করার সময় প্রথমে ১১ জনকে গ্রেপ্তার করা হয়। পালানোর সময় আরও ছয়জনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে হিযবুতের প্রচারপত্র, জিহাদি বই উদ্ধার করা হয়।