চট্টগ্রামে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে মাঠে নেই বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কঠোর নজরদারির মধ্যে বিএনপির প্রথম ও দ্বিতীয় সারির নেতারা গা ঢাকা দিয়েছেন। শীর্ষ এক নেতা ছাড়া মাঠে আর কাউকে দেখা যাচ্ছে না। এ সুযোগে রাজপথ আওয়ামী লীগের নিয়ন্ত্রণে চলে যাচ্ছে বলে মনে করা হচ্ছে।
বিরোধী দলের কর্মসূচির দিন নাসিমন ভবন ছাড়া আর কোথাও নেতা-কর্মীদের দেখা যাচ্ছে না। অথচ এসব কর্মসূচি মোকাবিলায় নগরের ২৪টি মোড়ে অবস্থান নিয়ে আসছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
সরকারবিরোধী আন্দোলনে দলীয় নেতা-কর্মীদের সম্পৃক্ততা কমে আসার কারণ জানতে চাইলে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান প্রথম আলোকে বলেন, ‘মামলা-হামলার কারণেই অনেকেই গা ঢাকা দিয়েছেন। অনেকে কারাগারে আছেন। সভা-সমাবেশ করা আমাদের গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার। সরকার সেই অধিকার হরণ করে আমাদের দাবিয়ে রাখার চেষ্টা করছে।’
নোমান বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন দেওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই। দেশের উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য এটা জরুরি। সরকারের অবস্থা নড়বড়ে। সেটা কি তারা জানে? আমরা সর্বশক্তি দিয়ে আন্দোলন চালিয়ে যাব। আন্দোলনের মাধ্যমেই এ সরকারের পতন ঘটানো হবে।’
গত ২৬ নভেম্বর থেকে শুরু হওয়া অবরোধ কর্মসূচির প্রথম ধাপে বিএনপির নেতা-কর্মীরা মাঠে বেশ সক্রিয় ছিলেন। নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাবেক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাছিরউদ্দিন, সাবেক রাষ্ট্রদূত গোলাম আকবর খোন্দকারসহ সবাই একযোগে মাঠে থেকে অবরোধ কর্মসূচিকে সফল করেছিলেন। নগরে কয়েকটি নাশকতার ঘটনায় বিএনপির শীর্ষ ও মাঝারি সারির নেতাদের বিরুদ্ধে পুলিশ বিস্ফোরক আইনে মামলা দেয়। নগর যুবদলের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, ‘আমাদের কর্মসূচিতে সাধারণ মানুষের সম্পৃক্ততা বাড়ছিল। কিন্তু পুলিশ হামলা চালিয়ে আর মামলা দিয়ে আমাদের রাজপথে দাঁড়াতে দিচ্ছে না। এ কারণে আমরা পিছুটান দিয়েছি।’
২৮ নভেম্বর মীর মোহাম্মদ নাছিরউদ্দিন ও গোলাম আকবর খোন্দকারকে পুলিশ গ্রেপ্তার করে। এর পর থেকে প্রথম ও দ্বিতীয় সারির নেতারা গা ঢাকা দেন। নগর আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম এ প্রসঙ্গে প্রথম আলোকে জানান, বিএনপি যুদ্ধাপরাধীদের নিয়ে রাজনীতি করছে, যা দেশের মানুষের পছন্দ নয়। বিভিন্ন নাশকতার কারণেও সংগঠনটি ধীরে ধীরে গণবিচ্ছিন্ন হয়ে পড়ছে। এ দেশের মানুষ ধ্বংসাত্মক কর্মকাণ্ড পছন্দ করে না। খোরশেদ আলম আরও জানান, জামায়াতের কাদের মোল্লার রায় কার্যকর হওয়ার পর পাকিস্তানের জামায়াত বাংলাদেশে হামলা চালানোর হুমকি দিয়েছে। এটা ধৃষ্টতা। দেশের মানুষ তাই বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে।