চট্টগ্রামে আইমেক প্রতিনিধিদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরোপসহ বিশ্বের শীর্ষস্থানীয় জাহাজবহরে ক্যাডেট নিয়োগের সম্ভাব্যতা যাচাইয়ের লক্ষ্যে আইমেক (ইন্টারন্যাশনাল মেরিটাইম এমপ্লয়ার্স কমিটি) প্রতিনিধিদল গতকাল শনিবার দুই দিনের সফরে চট্টগ্রাম মেরিন একাডেমিতে এসেছে। দলটি একাডেমির ক্যাডেটদের পেশাগত মান, তাঁদের নিয়োগযোগ্যতা নিরূপণ এবং একাডেমিতে কারিগরি সহায়তা প্রদানের সম্ভাব্যতা যাচাই করছে। মেরিন একাডেমি সূত্র জানায়, আইমেকের সাত সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন সংগঠনের ট্রেনিং ট্রাস্টের প্রধান জোসেফ থুইলার। এ ছাড়া রয়েছেন অ্যাডাম লুইস, রাজেশ ট্যান্ডন, বেলাল আহমেদ (মেরিন একাডেমির ১৪শ ব্যাচের ক্যাডেট), শওকত মুখার্জি, রঞ্জন চৌধুরী ও আনোয়ারুল হক। মেরিন একাডেমি সূত্র জানায়, লন্ডনভিত্তিক নিয়োগদাতাদের শীর্ষ সংস্থা আইমেক প্রায় ৪০টি দেশের ১০০টি জাহাজি সংস্থার সাড়ে পাঁচ হাজার জাহাজের প্রতিনিধিত্ব করে। এটি মূলত মেরিন ক্যাডেটদের প্রশিক্ষণ ট্রাস্ট পরিচালনা এবং আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজে মানসম্পন্ন কর্মকর্তা, নাবিক নিয়োগ নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে থাকে। এসব জাহাজে প্রায় দেড় লাখ মেরিন কর্মকর্তা, প্রকৌশলী নিয়োজিত রয়েছেন। সংস্থাটি প্রাথমিকভাবে ইউরোপ ও ফিলিপাইনে মেরিন ক্যাডেটদের জন্য বিশেষ কার্যক্রম পরিচালনা করে। সংস্থার একটি প্রতিনিধিদল ২০০৯ সালের ১৩ অক্টোবর এবং গত বছরের ৯ অক্টোবর মেরিন একাডেমি পরিদর্শনে আসে। এবারের প্রতিনিধিদলটি চূড়ান্তভাবে ‘আইমেক সদস্য দেশগুলোর’ সমুদ্রগামী জাহাজে বাংলাদেশ মেরিন একাডেমির ক্যাডেটদের নিয়োগের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। মেরিন একাডেমির কমান্ড্যান্ট নৌ প্রকৌশলী সাজিদ হোসেন প্রথম আলোকে বলেন, ইন্টারন্যাশনাল মেরিটাইম এমপ্লয়ার্স কমিটির এই সফরের ফলে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ এবং বিশেষ করে ইউরোপীয় জাহাজে বাংলাদেশ থেকে মেরিন কর্মকর্তা, প্রকৌশলী ও ক্যাডেট নিয়োগের পথ উন্মোচিত হবে।