চট্টগ্রামে আওয়ামী লীগের পথসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে মহাজোটের সমাবেশকে কেন্দ্র করে প্রচার-প্রচারণা তুঙ্গে উঠেছে। শহরে মাইকে প্রচারের পাশাপাশি গতকাল শনিবার আওয়ামী লীগের নেতারা নগরের একাধিক স্থানে পথসভা করেছেন। এ ছাড়া চট্টগ্রাম শহরে বসবাসকারী বিভিন্ন জেলার নেতা-কর্মীরাও প্রতিদিন প্রস্তুতি সভা করছেন। গতকাল সকালে চট্টগ্রামের জ্যেষ্ঠ নেতারা লালদীঘি ময়দান থেকে একটি আনন্দ মিছিল বের করেন। মিছিলপূর্ব সমাবেশে বক্তব্য দেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আখতারুজ্জামান চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি মোশাররফ হোসেন, কোতোয়ালি আসনের সাংসদ নুরুল ইসলাম বিএসসি, চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক, চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক এম এ সালাম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোছলেম উদ্দিন আহমদ, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, রাউজান উপজেলা চেয়ারম্যান এহসানুল হায়দার চৌধুরী প্রমুখ। মিছিলটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। নগর আওয়ামী লীগের একাংশ নগরের জুবেলী রোডেও একাধিক পথসভা করে। নগর আওয়ামী লীগের নেতা আ জ ম নাছির উদ্দিন এই পথসভার উদ্বোধন করেন। নগরের বিভিন্ন স্থানে যুবলীগ ও ছাত্রলীগও পথসভা করে। চট্টগ্রামের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত কক্সবাজার জেলার ছাত্ররা মহাসমাবেশ উপলক্ষে নগরের একটি রেস্তোরাঁয় সভা করেন। এতে প্রধান অতিথি ছিলেন সোনালী ব্যাংকের পরিচালক সাইমুম সরওয়ার। আরও বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক জামাল উদ্দিন। সভায় বলা হয়, সমাবেশে কক্সবাজার থেকে ২০০ বাসে করে অন্তত সাড়ে সাত হাজার লোক আসবে।