চট্টগ্রামে আখতারুজ্জামান চৌধুরী বাবুর দাফন সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আনোয়ারা ও পশ্চিম পটিয়ায় তিন দফা জানাজা শেষে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আখতারুজ্জামান চৌধুরী বাবুর মরদেহ গতকাল বুধবার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।গতকাল বেলা ১১টায় পশ্চিম পটিয়ার শিকলবাহা সিডিএ মাঠে আখতারুজ্জামান চৌধুরীর প্রথম দফা জানাজা হয়। দুপুর ১২টায় আনোয়ারা আদর্শ উচ্চবিদ্যালয়ে এবং বিকেলে হাইলধর বশিরুজ্জামান শিক্ষাকেন্দ্রের মাঠে সর্বশেষ জানাজার আয়োজন করা হয়। এ নিয়ে তাঁর পাঁচ দফা জানাজা অনুষ্ঠিত হয়। প্রতিটি জানাজায় হাজার হাজার মানুষের ঢল নামে।গতকাল আনোয়ারার হাইলধর এলাকায় সর্বশেষ জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্য দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, পটিয়া আসনের সাংসদ শামসুল হক চৌধুরী, আখতারুজ্জামান চৌধুরীর বড় ছেলে সাইফুজ্জামান চৌধুরী প্রমুখ। এ ছাড়া চট্টগ্রামের বিভিন্ন আসনের সাংসদ এবং আওয়ামী লীগের নেতারা সেখানে উপস্থিত ছিলেন।এর আগে গতকাল সকালে নগরের সার্সন সড়কের বাসভবন থেকে আখতারুজ্জামান চৌধুরীর মরদেহ তাঁর নির্বাচনী এলাকা আনোয়ারা-পশ্চিম পটিয়ায় নিয়ে যাওয়া হয়। নিজ জন্মস্থান আনোয়ারা থেকে তিনি ১৯৭০ সালে প্রাদেশিক পরিষদের সদস্য এবং ১৯৮৬, ১৯৯১ ও ২০০৮ সালে সাংসদ নির্বাচিত হন। সর্বশেষ দফা জানাজা শেষে হাইলধর পারিবারিক কবরস্থানে বাবা-মা ও ভাইয়ের কবরের পাশে তাঁকে দাফন করা হয়।আখতারুজ্জামান চৌধুরী বাবুর মৃত্যুতে তাঁর নির্বাচনী এলাকা আনোয়ারা-পশ্চিম পটিয়ার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সপ্তাহব্যাপী শোক ঘোষণা করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান, দোকানপাট ও পাড়ায় পাড়ায়ও কালো পতাকা তোলা হয়েছে। আনোয়ারা উপজেলাসহ তাঁর গ্রামের বাড়ির আশপাশের এলাকা ছেয়ে গেছে কালো ব্যানারে।