চট্টগ্রামে আগুন আতঙ্কে হুড়োহুড়ি, আহত ৪০
চট্টগ্রামে আগুন আতঙ্কে হুড়োহুড়ি করে নামতে গিয়ে অন্তত ৪০ জন তৈরি পোশাকশ্রমিক আহত হয়েছেন। এঁদের মধ্যে ১২ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে কালুরঘাট শিল্প এলাকার আজিম গ্রুপের ডেস শার্ট লিমিটেড ও মেন ফ্যাশন লিমিটেডে এ ঘটনা ঘটে।জানা গেছে, আহত শমিকদের মধ্যে সুজন (২৫), রহিমা (৩০), মুক্তা (২০), এরশাদ (২৭), নার্গিস (২৭), জামাল (২০), আনোয়ারুল (২০), হাসিনা বেগম (১৮), দিপালী (৩০), শারমিন আক্তার (২২), নুরজাহান (২১) ও প্রমীলাকে (১৯) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।জানা গেছে, প্রায় ১৪ হাজার শ্রমিক একই ভবনের পঞ্চম ও সপ্তম তলায় অবস্থিত এ কারখানা দুটিতে কাজ করেন। দুপুর সাড়ে ১২টার দিকে হঠাৎ করে ভবনের অগ্নিসংকেত যন্ত্রটি বেজে ওঠে। এতে কারখানা দুটির শ্রমিকেরা আতঙ্কে হুড়োহুড়ি করে সিঁড়ি দিয়ে নামতে থাকেন। কেউ কেউ দ্বিতীয় তলায় এসে লাফও দেন। এ সময় ধাক্কাধাক্কি ও হুড়োহুড়িতে ৪০ জন আহত হন।