চট্টগ্রামে আগুনে পুড়েছে আট দোকান ও বসতঘর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের বালুচরা এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় ছয়টি দোকান ও দুটি বসতঘর পুড়ে গেছে। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ সূত্র জানায়, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের ছয়টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে বেলা পৌনে একটার দিকে আগুন নেভাতে সক্ষম হয়। এতে ১০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হলেও প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে রয়েছে তিনটি লেপ-তোশকের দোকান, রিকশার গ্যারেজ, মুদি দোকান ইত্যাদি। পুড়ে যাওয়া দুটি বসতঘরে ২০টি পরিবারের বাস ছিল।
আগুনে ক্ষতিগ্রস্ত গণি মিয়া প্রথম আলোকে জানান, আগুনে আমার একটি দোকান ও ঘর পুড়ে গেছে। এতে এক লাখ টাকার ক্ষতি হয়েছে।