চট্টগ্রাম ইপিজেডে পাপেলা সুজ নামের একটি জুতার কারখানা আগুনে পুড়ে গেছে। গত শনিবার দিবাগত রাতে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এ ঘটনায় বেপজা কর্তৃপক্ষ পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।
অগ্নিকাণ্ডে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, গতকাল রোববার সকাল নয়টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, শনিবার দিবাগত রাত তিনটা ২০ মিনিটের দিকে ইপিজেডের ৪ নম্বর সড়কে অবস্থিত পাপেলা সুজ নামের প্রতিষ্ঠানটিতে আগুনের সূত্রপাত হয়। আগুনের কারণ জানা যায়নি।
সূত্র জানায়, আগুন লাগার সময় সেখানে ৩০-৪০ জন শ্রমিক কাজ করছিলেন। আগুন দেখে তাঁরা বের হয়ে আসেন। ফায়ার সার্ভিসের ১৫টি গাড়ি আগুন নেভানোর কাজে অংশ নেয়। ফায়ার সার্ভিসের কর্মীদের পাশাপাশি নৌ ও বিমানবাহিনীর সদস্যরাও অগ্নিনির্বাপণে কাজ করেন।
কারখানা সূত্র জানায়, কারখানার দোতলায় দেড় থেকে দুই লাখ জোড়া তৈরি জুতা ছিল, যা গতকাল সকালে জাহাজীকরণ (শিপমেন্ট) করার কথা ছিল। কারখানার নিচতলার গুদামে জুতা তৈরির প্রচুর পরিমাণে কাঁচামাল, আঠা ও রাসায়নিক ছিল। দাহ্য পদার্থ থাকার কারণে আগুন নেভাতে বেগ পেতে হয়। আগুনে কারখানা ভবনে ফাটল দেখা দিয়েছে।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. জসিম উদ্দিন জানান, বেপজার তত্ত্বাবধায়ক প্রকৌশলী নূরুল ইসলামকে প্রধান করে গঠিত তদন্ত কমিটি এক সপ্তাহের মধ্যে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতিসংক্রান্ত প্রতিবেদন দেবে। এর আগে গত ৫ এপ্রিল একই মালিকের এক্সেলসিওর নামের অপর একটি কারখানা আগুনে পুড়ে যায়। তিনি বলেন, অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির হিসাব এখনই বলা সম্ভব নয়।
বেপজার মহাব্যবস্থাপক এস এম আবদুর রশিদ বলেন, জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত হয়নি। ঘটনা তদন্তে গঠিত কমিটি ক্ষয়ক্ষতি ও অগ্নিকাণ্ডের কারণ উদ্ঘাটন করবে।