চট্টগ্রামে আগুনে পুড়ল তিন হাজার কেজি শুঁটকি
মাত্র দেড় ঘণ্টার ব্যবধানে চট্টগ্রাম নগরের দুটি এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পাঁচটি গুদাম ও ১১টি কাঁচা বসতঘর পুড়ে গেছে। এর মধ্যে চারটি গুদামের প্রায় তিন হাজার কেজি শুঁটকি পুড়ে গেছে। গতকাল রোববার সকাল পৌনে ১০টা থেকে সোয়া ১১টার মধ্যে এসব দুর্ঘটনা ঘটে। রান্নার চুলা থেকেই দুটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান। আগুনে হতাহতের ঘটনা ঘটেনি।
নগরের আছদগঞ্জ শুঁটকিপট্টির চারটি গুদাম, একটি লবণের গুদাম ও পাশের বস্তির আটটি ঘর পুড়ে গেছে। পৃথক ঘটনায় পুড়ে গেছে খলিফাপট্টির তিনটি ঘর। দুই এলাকার দূরত্ব প্রায় এক কিলোমিটার।
আছদগঞ্জ শুঁটকি ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ মুছা ও সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ বলেন, আগুনে চারটি শুঁটকির গুদামের প্রায় তিন হাজার কেজি শুঁটকি পুড়ে গেছে। পুড়েছে শুঁটকির গুদামের পাশের লবণের গুদামও। সব মিলিয়ে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে তাঁরা দাবি করেন।
পুড়ে যাওয়া একটি গুদামের মালিক মোহাম্মদ শরীফ বলেন, গুদামের পাশের বস্তির একটি ঘর থেকে আগুন ছড়িয়ে পড়ে। ১৫ লাখ টাকার শুঁটকি পুড়ে গেছে জানিয়ে তিনি বলেন, ‘আমার সব সব শেষ হয়ে গেছে।’
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. জসীম উদ্দিন প্রথম আলোকে বলেন, রোববার পৌনে ১০টার দিকে নগরের শুঁটকিপট্টিতে আগুন লাগে। শুঁটকিপট্টি-সংলগ্ন বস্তির রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের ১২টি গাড়ি আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পৌনে তিন ঘণ্টা চেষ্টার পর দুপুর সাড়ে ১২টার দিকে আগুন নেভানো সম্ভব হয়।
এদিকে গতকাল বেলা সোয়া ১১টার দিকে রান্নার চুলা থেকে সৃষ্ট আগুনে খলিফাপট্টির শাহ মজদিয়া কলোনিতে আগুন লাগে। এতে ২২ কক্ষবিশিষ্ট তিনটি কাঁচা বসতঘর পুড়ে যায়।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. জসীম উদ্দিন বলেন, ফায়ার সার্ভিসের আটটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে বেলা একটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে প্রায় পাঁচ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।