চট্টগ্রামে আগুনে পুড়ে গেছে কারখানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) জি এফ টেক্সটাইল লিমিটেড নামের একটি কারখানা আগুনে পুড়ে গেছে। গতকাল বুধবার রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
পুলিশ সূত্র জানায়, গতকাল রাত সাড়ে নয়টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, অগ্নিকাণ্ডের খবর পেয়ে তিনটি ইউনিটের ১১টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। রাত সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে টিনশেডের কারখানাটি সম্পূর্ণ পুড়ে যায়।
ঘটনাস্থল থেকে ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।