চট্টগ্রামে আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু
চট্টগ্রাম নগরের বিশ্বকলোনি এলাকায় আগুনে দগ্ধ হয়ে রেজিয়া বেগম (৬০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে এ ঘটনা ঘটে। আগুনে ওই কলোনির পাঁচটি কক্ষ পুড়ে গেছে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফরিদ আহমদ আগুনে নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, রেজিয়া বেগম ওই কলোনির একটি কক্ষে মেয়েকে নিয়ে থাকতেন। সকাল ছয়টার দিকে আগুন লাগে। এ সময় কক্ষগুলোর ভেতরে থাকা লোকজন দ্রুত বেরিয়ে আসেন। তবে একটি কক্ষ থেকে মেয়ে বের হয়ে আসতে পারলেও রেজিয়া বেগম ভয়ে খাটের নিচে ঢুকে পড়েন। এতে আগুনে দগ্ধ হয়ে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
নিহত রেজিয়া বেগম ভিক্ষা করতেন বলে জানান ফরিদ আহমদ। তাঁর গ্রামের বাড়ির ভোলার দৌলতখান এলাকায়।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ থেকে জানানো হয়, আগুনের খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার স্টেশন থেকে তিনটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর সকাল সাতটায় আগুন নিয়ন্ত্রণে আনে। কক্ষগুলো টিনের তৈরি। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।