চট্টগ্রামে আগুনে পুড়েছে ৩টি বসতঘর
চট্টগ্রাম নগরের পূর্ব বাকলিয়া ও রাউজান উপজেলার নোয়াপাড়ায় অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর পুড়ে গেছে। গতকাল মঙ্গলবার ভোরে ও সোমবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে এই দুটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চট্টগ্রামের উপসহকারী পরিচালক মো. কামাল উদ্দিন ভূঁইয়া বলেন, মশার কয়েল থেকে ভোর সাড়ে পাঁচটার দিকে পূর্ব বাকলিয়ার ১৮ নম্বর ওয়ার্ডের রাবেয়া খাতুনের বসতঘরে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে লামারবাজার ফায়ার স্টেশন থেকে দুটি গাড়ি ঘটনাস্থলে যায়। সকাল সাড়ে ছয়টার দিকে আগুন নেভানো সম্ভব হয়। অগ্নিকাণ্ডে ১ লাখ টাকার ক্ষতি হয়েছে।
অন্যদিকে রাউজানের নোয়াপাড়া এলাকায় সোমবার গভীর রাতে মো. হাবিব নামের এক ব্যক্তির দুটি কাঁচা বসতঘরে আগুন লাগে। বৈদ্যুতিক গোলযোগ থেকে সৃষ্ট ওই আগুনে তিন লাখ টাকার ক্ষতি হয়েছে। খবর পেয়ে রাউজান ফায়ার স্টেশনের একটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। দুটি ঘটনায় কেউ হতাহত হয়নি।