চট্টগ্রামে আগুনে ভাইবোনের মৃত্যু, বাবা ও মা দগ্ধ
চট্টগ্রামের চান্দগাঁও এলাকায় আগুনে পুড়ে মোস্তাকিম (২) ও রোদেলা (৪) নামের দুই ভাইবোন মারা গেছে। একই ঘটনায় তাদের বাবা ও মা গুরুতর আহত হয়েছেন। শুক্রবার গভীর রাতে চান্দগাঁও থানাধীন আবাসিক এলাকার শাপলা ক্লাবের পাশে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন জাকারিয়া (৩৫) ও তাঁর স্ত্রী নাসরিন (২৫)। রাতে তাঁদের প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে ঢাকায় পাঠানো হয়। আগুন লাগার পর তাঁরা বের হতে পারেননি। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রাত দেড়টার দিকে বৈদ্যুতিক গোলযোগ থেকে ঘরে আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুটি গাড়ি এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘরের বাসিন্দাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। সেখানে রোদেলার মৃত্যু হয়। আগুন লাগার সময় বাসিন্দারা ঘুমাচ্ছিলেন। আগুন ছড়িয়ে পড়লে তাঁরা ঘর থেকে বের হতে পারেননি বলে জানা গেছে।চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান সহকারী অধ্যাপক মৃণাল দাশ জানান, রোদেলাকে আনার সঙ্গে সঙ্গে মারা যায়। আর মোস্তাকিম ঢাকায় নেওয়ার পর মারা যায়। বাকিদের অবস্থা গুরুতর। তাঁদের শরীরের ৫০ ভাগের বেশি পুড়ে গেছে। এ ছাড়া গরম বাতাস নেওয়ার ফলে ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাঁদের ঢাকায় পাঠানো হয়েছে।