চট্টগ্রামে আগুনে ১৩টি সিএনজি অটোরিকশা ও দোকান পুড়ে গেছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের সদরঘাটে গত বুধবার গভীর রাতে আগুন লেগে ১৩টি সিএনজিচালিত অটোরিকশা, একটি মোটরসাইকেলসহ গ্যারেজ, তিনটি দোকান ও দুটি বসতঘর পুড়ে গেছে। জানা গেছে, পুড়ে যাওয়া ১৩টি অটোরিকশা ও মোটরসাইকেল ছিল আসলাম হোসেনের গ্যারেজে। মোটরসাইকেলটি যুগান্তর-এর স্টাফ ফটোগ্রাফার রাজেশ চক্রবর্তীর। এ ছাড়া আগুনে একটি মুদিদোকান, একটি সেলুন, একটি আসবাবের দোকান ও দুটি বসতঘর পুড়ে যায়। ফায়ার সার্ভিস সূত্র জানায়, আগুনে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে রাজেশ চক্রবর্তী বলেন, ক্ষয়ক্ষতি কোটি টাকার মতো হবে। কারণ, পুড়ে যাওয়া ১৩টি অটোরিকশা ও মোটরসাইকেলের দামই প্রায় ৪৫ লাখ টাকা। ফায়ার সার্ভিস জানায়, বুধবার দিবাগত রাত দেড়টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের চারটি গাড়ি দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।