চট্টগ্রামে আগুনে ১৯ দোকান বসতঘর ও গুদাম পুড়ে ছাই
চট্টগ্রামে পৃথক অগ্নিকাণ্ডে ছয়টি বসতঘর, একটি গুদাম ও ১২টি দোকান পুড়ে গেছে। গতকাল মঙ্গলবার নগরের চাক্তাই আশরাফ আলী রোড ও সল্টগোলা ঈশান মিস্ত্রি হাটে এই অগ্নিকাণ্ডের ঘটে। চাক্তাইয়ে আগুন লেগেছিল ছয়টি এক কক্ষবিশিষ্ট ঘর ও একটি বহুতল ভবনে। এ সময় বহুতল ভবনে একই পরিবারের চার সদস্য আটকা পড়ে। পরে আগুন নিয়ন্ত্রণে এনে তাদের উদ্ধার করা হয়।ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, চাক্তাইয়ে পেয়ার মোহাম্মদের একটি এক কক্ষবিশিষ্ট ভাড়াঘরের চুলা থেকে দুপুর সোয়া ১২টার দিকে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত আশপাশের আরও ছয়টি বাসায় ছড়িয়ে পড়ে।পরে পাশের মোস্তাফিজ সওদাগরের ছয়তলাবিশিষ্ট ভবনের দ্বিতীয় তলায় সুতা ও জালের গুদামে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় ওই ভবনের বাসিন্দারা নিচে নেমে আসে। কিন্তু ছয়তলার ইকবাল চৌধুরী ওরফে রাসেল নামের এক ব্যক্তি তাঁর পরিবার নিয়ে নামতে পারেননি। একপর্যায়ে তিনি স্ত্রী ও শিশুদের নিয়ে ছাদে আশ্রয় নেন। এ সময় স্বজনদের মধ্যে উৎকণ্ঠা দেখা দেয়। পরে তাদের নামানোর জন্য ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন ওপরে লম্বা রশি পাঠায়। ফায়ার সার্ভিসের এক কর্মীও ওই রশি বেয়ে ছাদে ওঠেন। কিন্তু ঝুঁকির কারণে তাদের নামানো হয়নি।একপর্যায়ে ফায়ার সার্ভিস স্নর্কেল (লম্বা সিঁড়ি) নিয়ে আসে। ততক্ষণে আগুন নিয়ন্ত্রণে চলে আসে। পরে সিঁড়ি দিয়ে তাদের নিচে নামিয়ে আনা হয়। বেলা আড়াইটার দিকে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়।ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. জসিম উদ্দিন প্রথম আলোকে জানান, অগ্নিকাণ্ড রাতে হলে জানমালের ক্ষতি হতে পারত। দিনের বেলায় আগুন লাগায় বাসিন্দারা বের হয়ে আসতে পেরেছে।এ ব্যাপারে ইকবাল চৌধুরী বলেন, ‘আমি পরিবার নিয়ে সিঁড়ি দিয়ে নামার চেষ্টা করেছি। কিন্তু ততক্ষণে পুরো সিঁড়ি ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে। তাই ছাদে উঠে পড়ি।’ আগুন নেভাতে নিজেদের পানি ছাড়াও চাক্তাই খালের পানি ব্যবহার করে ফায়ার সার্ভিস। আগুনে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিস সূত্র জানায়। তবে ক্ষতি আরও বেশি বলে দাবি করেছেন মোস্তাফিজ সওদাগর।এদিকে গতকাল সকাল সাড়ে নয়টার দিকে নগরের সল্টগোলা ঈশান মিস্ত্রি হাটে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে ১২টি দোকান পুড়ে যায়। ফায়ার সার্ভিস ক্ষয়ক্ষতির পরিমাণ এক লাখ টাকা জানালেও দোকানিরা পাঁচ লাখ টাকার বেশি বলে দাবি করেছেন।