চট্টগ্রামে আগুনে ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি
চট্টগ্রামে পৃথক দুটি অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাতে নগরের চান্দগাঁও এবং এ কে খান গেট এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে চান্দগাঁওয়ে পাঁচটি সেমিপাকা দোকান এবং চারটি সেমিপাকা বাড়ি পুড়ে যায়। আর এ কে খান গেট এলাকায় একটি সেমিপাকা গাড়ির গ্যারেজ এবং তিনটি প্লাস্টিক ও বাতিল জিনিসের গুদামে আগুন লাগে। ফায়ার সার্ভিস সূত্র জানায়, মঙ্গলবার দিবাগত রাত পৌনে দুইটায় আকবর শাহ থানার এ কে খান এলাকায় গাড়ির গ্যারেজ ও গুদামে আগুন লাগে। সিগারেট বা কুপিবাতি থেকে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। খবর পাওয়ার পর আগ্রাবাদ ও চন্দনপুরা ফায়ার স্টেশনের চারটি গাড়ি ঘটনাস্থলে পাঠানো হয়। অগ্নিনির্বাপণকর্মীরা দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হন। এখানে অগ্নিকাণ্ডে ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অন্যদিকে দিবাগত রাত সাড়ে তিনটায় বৈদ্যুতিক গোলযোগ থেকে চান্দগাঁওয়ের পশ্চিম ফরিদাপাড়ায় আগুন লাগে। অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান ও চারটি বসতবাড়ি পুড়ে যায়।