চট্টগ্রামে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর: চট্টগ্রাম জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে আলোচনা সভা, সকাল ১০টায়, জেলা পরিষদ মিলনায়তনে৷
চট্টগ্রাম ফল ব্যবসায়ী সমিতি: ফল ব্যবসায়ীদের হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন, দুপুর ১২টায়, চট্টগ্রাম প্রেসক্লাবে৷
ত্রিতরঙ্গ আবৃত্তি দল: আষাঢ়ে মেঘের ধ্বনি শীর্ষক অনুষ্ঠানমালা, সন্ধ্যা সাতটায়, জেলা শিল্পকলা একাডেমীতে৷
আনন্দ সাংস্কৃতিক অঙ্গন: মহানায়িকা সুচিত্রা সেনের স্মরণে সংগীতানুষ্ঠান ‘সুরলোকে সুচিত্রা’, সন্ধ্যা সাতটা ১৫ মিনিটে, থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে৷
বীর বিক্রম উক্যচিং ভিটা থেকে উচ্ছেদ–আতঙ্কে
বান্দরবান প্রতিনিধি
বান্দরবানে জাল দলিল তৈরি করে পুলিশের সহযোগিতায় উক্যচিং মারমা (ইউকেচিং) বীর বিক্রমের বসতভিটা দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে৷ বিভিন্ন কর্তৃপক্ষের কাছে অভিযোগ দিয়ে সাড়া না পাওয়ায় উচ্ছেদ-আতঙ্কে রয়েছেন বলে উক্যচিং গতকাল বুধবার প্রথম আলোকে জানিয়েছেন।
উক্যচিং মারমার পরিবার ও প্রতিবেশীরা অভিযোগ করেন, পুলিশ তদন্তের নামে বীর বিক্রমকে (বান্দরবানে তিনি বীর বিক্রম হিসেবে পরিচিত) হয়রানি করছে। একবার জাল দলিল তৈরিকারীকে বসতভিটার একাংশ দখল বুঝিয়ে দিতে বীর বিক্রমের ছেলে ও স্ত্রীর কাছ থেকে জোর করে স্বাক্ষরও নেওয়া হয়েছিল।
বান্দরবান সদর পরিদর্শক (তদন্ত) আমির হোসেন পুলিশের জাল দলিলের পক্ষে কাজ করার অভিযোগ অস্বীকার করে বলেছেন, উক্যচিং মারমাকে আরও একটি অভিযোগ দেওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে৷
মুক্তিযুদ্ধে তিন পার্বত্য জেলায় আদিবাসীদের মধ্যে একমাত্র বীর বিক্রম খেতাবপ্রাপ্ত ৮২ বছরের উক্যচিং মারমা জানান, জেলা শহরের লাঙ্গিপাড়ায় স্ত্রী থুইসানু মারমার মালিকানার বসতভিটায় প্রথমে সেনাবাহিনী ও পরে জেলা পরিষদ তাঁকে বাড়ি করে দিয়েছে৷ নুরুন্নেছা বালি নামের এক নারীকে ২০ হাজার টাকা সালামিতে বাড়িসংলগ্ন একটি দোকান ভাড়া দেওয়ার সময় তাঁর স্ত্রী সরল বিশ্বাসে সাদা কাগজে টিপসই দিয়েছিলেন৷ পরে নুরুন্নেছা নোটারি পাবলিকের কাছে সাড়ে তিন লাখ টাকায় বিিক্রর জাল দলিল তৈরি করে বসতভিটার ৩ শতক জমি লিখে নিয়েছেন৷
সরেজমিনে দেখা যায়, উক্যচিং মারমার রান্নাঘরসহ বসতভিটার অর্ধেকাংশ দখল করে নুরুন্নেছা খুঁটি স্থাপন করেছেন। উক্যচিং মারমার ছেলে বাবলু মারমা বলেন, খঁুটি স্থাপনে বাধা দেওয়ায় নুরুন্নেছার ভাড়াটে লোকজন তাঁকে লাঠিপেটা করে৷
স্ত্রী থুইসানু ও ছেলে বাবলু অভিযোগ করেন, গত ১৯ মে এসআই মনিরুল ইসলাম তাঁদের থানায় ডেকে নিয়ে যান। তিনি নুরুন্নেছার জাল দলিলের সাড়ে তিন লাখ টাকা ফেরত না দিলে ৩ শতক জমি তাঁকে (নুরুন্নেছাকে) দিতে আপত্তি নেই মর্মে একটি দলিল লিখে তাঁদের স্বাক্ষর নিয়েছেন৷
নুরুন্নেছা জাল দলিলের অভিযোগ অস্বীকার করে বলেন, নগদ সাড়ে তিন লাখ টাকা দিয়েছেন বলে থুইসানু স্বাক্ষর করেছেন৷ এখন টাকা খাওয়া শেষে আরও কিছু পাওয়ার জন্য আরেকজনের কাছে জমি বিক্রির টালবাহানা করছেন৷ এ জন্য তিনি থানায় অভিযোগ করেছেন৷
এসআই মনিরুল ইসলাম নুরুন্নেছার অভিযোগের তদন্তে তাঁকে জমি পাইয়ে দেওয়ার জন্য উক্যচিং মারমার স্ত্রী ও ছেলের স্বাক্ষর নেওয়ার কথা অস্বীকার করে বলেন, তাঁর বিরুদ্ধে তাঁরা মিথ্যা অভিযোগ করেছেন। তিনি শুধু মীমাংসা করে দেওয়ার জন্য উভয় পক্ষকে থানায় ডেকেছিলেন৷
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন, নুরুন্নেছার কাছ থেকে নেওয়া ২০ হাজার টাকা ফেরত দিয়ে উক্যচিং মারমার পরিবারের সদস্যরা মীমাংসার জন্য বলেছিলেন। কিন্তু মীমাংসা না হওয়ায় এখন তদন্ত চলছে৷