চট্টগ্রামে আজ আ.লীগের দুই অংশের আলাদা বিজয় মেলার উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম মহানগরে আওয়ামী লীগের দুই অংশের পৃথক বিজয় মেলার উদ্বোধন হচ্ছে আজ শুক্রবার। এর মধ্যে আউটার স্টেডিয়ামে মুক্তিযুদ্ধের বিজয় মেলার আয়োজন করেছে নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর নেতৃত্বাধীন মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদ। লালদীঘি ময়দানে অপর বিজয় মেলা করছে আওয়ামী লীগদলীয় সাংসদ নুরুল ইসলাম বিএসসির নেতৃত্বাধীন সম্মিলিত মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদ।সূত্র জানায়, আজ বিকেল তিনটায় মুক্তিযুদ্ধের বিজয় মেলা উদ্বোধন করবেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী তাজুল ইসলাম। এ মেলা চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। মেলায় থাকবে আলোচনা, স্মৃতিচারণা, সাংস্কৃতিক অনুষ্ঠান, মুক্তিযুদ্ধবিষয়ক চলচ্চিত্র ও স্থিরচিত্র প্রদর্শন। এ ছাড়া ছয়টি প্যাভিলিয়ন ও ২৫০টি স্টলে বই, ক্ষুদ্র ও কুটিরশিল্পজাত পণ্য বিক্রি হবে।আজ একই সময়ে সম্মিলিত মুক্তিযুদ্ধের বিজয় মেলার উদ্বোধন করার কথা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রফিকুল ইসলামের। লালদীঘি ময়দানের এ মেলা চলবে ৩০ ডিসেম্বর পর্যন্ত। এতে থাকবে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণা, স্বাধীন বাংলা বেতারের গান, গণসংগীত, নাটক, কবিগান, মুক্তিযোদ্ধার সন্তানদের সংবর্ধনা। সম্মিলিত মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদ এবার প্রথম মেলার আয়োজন করেছে।মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদ মেলা উপলক্ষে গতকাল বৃহস্পতিবার আউটার স্টেডিয়ামে তাদের কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলন করে। মেলা আয়োজন নিয়ে গত সোমবার সংবাদ সম্মেলন করে সম্মিলিত মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদ। ১৯৮৯ সাল থেকে চট্টগ্রামে মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের উদ্যোগে সর্বজনীন বিজয় মেলা হচ্ছে।