চট্টগ্রামে আজ তারুণ্য উৎসব
চট্টগ্রামের ১৬টি বিদ্যালয়, ৮টি কলেজ ও ১২টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে ‘কনফিডেন্স সিমেন্ট-প্রথম আলো তারুণ্য উৎসব ২০১৪’ শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার। তিন দিনব্যাপী উৎসবে থাকছে বিতর্ক ও সাংস্কৃতিক প্রতিযোগিতা।
চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীতে আজ সকাল ১০টায় উৎসবের উদ্বোধন করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী। উপস্থিত থাকবেন শিক্ষাবিদ সাফিয়া গাজী রহমান ও কনফিডেন্স সিমেন্ট লিমিটেডের নির্বাহী পরিচালক জহির উদ্দিন আহমদ।
উদ্বোধন শেষে শুরু হবে বিদ্যালয় ও কলেজের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতা। উৎসবের দ্বিতীয় দিন দুপুরে শিল্পকলা একাডেমীর মূল মিলনায়তনে অনুষ্ঠিত হবে বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে সাংস্কৃতিক প্রতিযোগিতা। শনিবার বিকেলে উৎসবের শেষ দিনে শিল্পকলার মুক্তমঞ্চে বিতর্ক ও সাংস্কৃতিক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে।