রোজায় নিত্যপণ্যের দাম, মান ও ওজন নিয়ন্ত্রণে রাখতে আজ বৃহস্পতিবার থেকে চট্টগ্রামের বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরু হবে। গতকাল বুধবার সার্কিট হাউসের সম্মেলনকক্ষে এ ঘোষণা দেন জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এ আলোচনা সভার আয়োজন করে। দিবসের এবারের মূল বিষয় ‘পরিমাপ ও আলো’।
বিএসটিআই চট্টগ্রামের আঞ্চলিক পরিচালক মো. সাইদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ, চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম প্রমুখ।
জেলা প্রশাসক বলেন, ফলের নামে যাতে বিষ খেতে না হয়। ভেজাল রোধ ও দাম নিয়ন্ত্রণে তিনি খাতুনগঞ্জ ও চাক্তাইয়ের ব্যবসায়ীদের সহযোগিতা চান।
বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ বলেন, যেসব অসাধু ব্যবসায়ী পরিমাপে ও মানে কারচুপি করছেন, তাঁদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত ব্যবস্থা নেবে। রোজায় পণ্যমূল্য সহনীয় রাখতে তিনি ব্যবসায়ীদের আহ্বান জানান।
চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম বলেন, দু-একজনের জন্য সমস্ত ব্যবসায়ী সমাজ দায় নিতে পারে না। অনুমোদন ছাড়া কোনো খাদ্য ও পানীয় বাজারজাত করা যাবে না। ওজন ও মানে কোনো ছাড় না দেওয়ার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি।