চট্টগ্রামে ১৪ দলের মহাসমাবেশ সামনে রেখে আজ শুক্রবার থেকে প্রচারণায় নামছে আওয়ামী লীগ। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের এক জরুরি প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকে তিনটি ট্রাকে করে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ মহাসমাবেশের ব্যাপারে প্রচারণা চালাবে।সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, নগরের ১১টি থানা ও ৪৩টি সাংগঠনিক ওয়ার্ডের ৭০টি স্থানে এ প্রচারণা চালানো হবে। তবে চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলায় প্রচারণার ব্যাপারে নগর আওয়ামী লীগের সভায় কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়নি। সূত্র জানায়, দু-এক দিনের মধ্যে পৃথক সভার মাধ্যমে এ দুই সাংগঠনিক জেলায়ও প্রচারকাজ শুরু হবে।দারুল ফজল মার্কেটের দলীয় কার্যালয়ে অনুুষ্ঠিত গতকালের প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী। বক্তব্য দেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক, সাংগঠনিক সম্পাদক এম এ রশিদ প্রমুখ।