চট্টগ্রামে আজ থেকে বাজার তদারকি করবে প্রশাসন
নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে আজ শুক্রবার থেকে চট্টগ্রাম নগরের পাইকারি ও খুচরা বাজার তদারকি কার্যক্রম শুরু করা হবে। চট্টগ্রাম জেলা প্রশাসনের পাশাপাশি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ক্যাব ও সংশ্লিষ্ট বাজার কমিটির সদস্যদের নিয়ে এই তদারকি কার্যক্রম পরিচালনা করা হবে।
গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে বাজার তদারকি সভায় এ তথ্য জানান জেলা প্রশাসক সামসুল আরেফিন। তিনি বৈঠকে সভাপতিত্ব করেন।
সামসুল আরেফিন বলেন, পাইকারি ও খুচরা বাজারে পণ্যের দামের ব্যবধান বেশি। পণ্যের দাম বৃদ্ধির নেপথ্যে কারা জড়িত, তাদের খুঁজে বের করা হবে।
সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মমিনুর রশিদ, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক জোবায়ের আহমদ, চট্টগ্রাম চেম্বারের জ্যেষ্ঠ সহসভাপতি সৈয়দ জামাল আহমেদ, মেট্রোপলিটন চেম্বারের পরিচালক আবুল বশর চৌধুরী উপস্থিত ছিলেন।