চট্টগ্রামে আজ থেকে শুরু হচ্ছে ল্যাপটপ ও মুঠোফোন মেলা
চট্টগ্রামের জিইসি মোড়ের ইউনুস্কো সিটি সেন্টারের পঞ্চম তলায় আজ শনিবার থেকে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী ল্যাপটপ ও মুঠোফোন মেলা।মেলার উদ্বোধন করবেন বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মো. ফয়েজউল্লাহ খান। মেলা চলবে আগামী ৪ আগস্ট পর্যন্ত।‘নরটন ল্যাপটপ অ্যান্ড মোবাইল ফেয়ার ২০১২’ শীর্ষক এ মেলার আয়োজন করেছে ইউনুস্কো সিটি সেন্টার আইটি ফ্লোর ব্যবসায়ী সমিতি।মেলা উপলক্ষে গতকাল শুক্রবার বিকেলে ইউনুস্কো সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে মেলা আয়োজনের বিভিন্ন তথ্য তুলে ধরেন মেলা আয়োজক কমিটির আহ্বায়ক এম এ মতিন।অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কম্পিউটার সমিতি চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক কামরুল হাসান সিদ্দিকী, কম্পিউটার সোর্সের আঞ্চলিক ব্যবস্থাপক খন্দকার মুরাদুর রহমান, হামিদুল হক, মো. মুহিম উদ্দিন প্রমুখ।মেলায় ইউনুস্কো সিটি সেন্টারের ১৬টি তথ্যপ্রযুক্তি বিপণন প্রতিষ্ঠান অংশ নেবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।