চট্টগ্রামে আজ প্রথমার দুটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমা প্রকাশন থেকে প্রকাশিত দুটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠান আজ শনিবার চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। চিকিৎসাবিষয়ক বই দুটি হচ্ছে শাহান আরা চৌধুরী ও জাহিদ মঞ্জুরের প্রসূতি ও প্রসব এবং প্রণব কুমার চৌধুরীর তুমি কীভাবে ভালো থাকবে।
জেলা শিল্পকলা একাডেমীর গ্যালারি কক্ষে বিকেল পাঁচটায় প্রকাশনা অনুষ্ঠানে বইয়ের ওপর আলোচনা করবেন চট্টগ্রাম মেডিকেল কলেজের স্ত্রীরোগ বিভাগের সহযোগী অধ্যাপক শাহেনা আকতার ও শিশু বিভাগের সহযোগী অধ্যাপক ঝুলন কান্তি দাশ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিশিষ্ট লেখিকা আনোয়ারা আলম।
প্রথমা প্রকাশনের উদ্যোগে গত বৃহস্পতিবার থেকে জেলা শিল্পকলা একাডেমীতে চলছে নয় দিনব্যাপী বইমেলা। মেলায় প্রথমা প্রকাশনের বই ছাড়াও দেশি-বিদেশি বিভিন্ন প্রকাশনা সংস্থার বই বিশেষ মূল্যছাড়ে বিক্রি হচ্ছে। মেলায় প্রথমা প্রকাশনের বইয়ের ওপরে ৩০ থেকে ৬০ শতাংশ ও দেশি পুরোনো বইয়ের ক্ষেত্রে ৭০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। প্রতিদিন বেলা তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। ২৪ এপ্রিল পর্যন্ত মেলা চলবে।