চট্টগ্রামে আজ বেলা দুইটা পর্যন্ত হরতাল
চট্টগ্রামে আজ বুধবার বেলা দুইটা পর্যন্ত হরতাল পালন করা হবে। ঐতিহাসিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা উপলক্ষে হরতালের সময়সীমা চার ঘণ্টা কমানো হয় বলে চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন। বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট গতকাল মঙ্গলবার ভোর ছয়টা থেকে টানা ৩৬ ঘণ্টা হরতালের ডাক দিয়েছিল। গতকাল প্রথম দিনে চট্টগ্রাম নগরে ঢিলেঢালাভাবে হরতাল পালিত হয়েছে।নগরে গতকাল হরতাল পালনকারীদের তেমন দেখা যায়নি। তবে হরতাল-সমর্থকেরা বিক্ষিপ্তভাবে কয়েকটি গাড়ি ভাঙচুর করেছে এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। নগর বিএনপির কার্যালয় নাসিমন ভবনের সামনে বিএনপির মিছিল-সমাবেশ হয়েছে। পিকেটিং করার সময় কাজীর দেউড়ি থেকে পুলিশ একজনকে আটক করে।হরতালের শুরুতে গতকাল সকাল থেকেই বিএনপির নেতা-কর্মীরা নাসিমন ভবনের আশপাশে অবস্থান নেন। সেখানে দিনের বিভিন্ন সময় সমাবেশ করেন বিএনপির নেতা-কর্মীরা। দলীয় কার্যালয়ের সামনে দিনব্যাপী বিপুলসংখ্যক পুলিশের উপস্থিতি ছিল। সকালে নগরের মূল সড়কগুলোতে অল্পসংখ্যক যান চলাচল করে। বেলা বাড়ার সঙ্গে বেড়েছে সব ধরনের যানবাহনের সংখ্যা। গতকাল সকাল আটটার দিকে নগরের বিআরটিসি এলাকায় নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খোন্দকার ও নগর সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেনের নেতৃত্বে একটি মিছিল বের হয়। মিছিলটি বিআরটিসি মোড় অতিক্রমের সময় একটি ট্রাকে পাথর ছুড়ে মারে পিকেটাররা। এ সময় মিছিলটি কিছু সময়ের জন্য আটকে দেয় পুলিশ। এদিকে গতকাল সকাল ১০টায় নগরের কোতোয়ালি থানাধীন কাজীর দেউড়ি মোড় এলাকায় সিএনজিচালিত অটোরিকশা উল্টে দেয় হরতাল-সমর্থকেরা। এ সময় সেখান থেকে এক পিকেটারকে আটক করে পুলিশ। এ ছাড়া সকাল নয়টা ও সাড়ে ১০টার সময় কাজীর দেউড়ি মোড়ে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটে। হরতাল চলাকালে নগরের স্টেশন রোড, সার্সন রোড, চট্টগ্রাম-কাপ্তাই সড়কে কয়েকটি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করা হয়। চট্টগ্রাম মহানগর পুলিশের কোতোয়ালি অঞ্চলের সহকারী কমিশনার মির্জা সায়েম মাহমুদ প্রথম আলোকে বলেন, সকালে বিআরটিসি এলাকায় একটি ট্রাকে পাথর নিক্ষেপ ও কাজীর দেউড়িতে অটোরিকশা উল্টে দেওয়ার চেষ্টা চালানো হয়। এ ছাড়া তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।গতকাল মঙ্গলবার থেকে নগরের লালদীঘির ময়দান ও আশপাশের এলাকায় বৈশাখী মেলা শুরু হয়েছে। কাল বৃহস্পতিবার জব্বাবের বলীখেলা। মেলা চলবে শুক্রবার পর্যন্ত। ওই বলীখেলা ও মেলার জন্য আজ বুধবার চট্টগ্রামে হরতাল হবে বেলা দুইটা পর্যন্ত। গত সোমবার রাতে মেলা কমিটির সভাপতি জহর লাল হাজারীর নেতৃত্বে কয়েকজন নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে দেখা করে মেলা চলাকালে হরতাল প্রত্যাহারের আহ্বান জানান। গতকাল বিকেলে হরতাল শিথিলের ঘোষণা দেওয়া হয়।