চট্টগ্রামে আজ হরতাল ডেকেছে জামায়াত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ড ও মিরসরাইয়ে সংগঠনের দুই নেতা-কর্মী খুন ও নেতা-কর্মীদের ধরপাকড়ের প্রতিবাদে চট্টগ্রামে আজ রোববার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী। তবে পিএসসি পরীক্ষা হরতালের আওতামুক্ত থাকবে।

মিরসরাইয়ে গত শুক্রবার রাতে জামায়াতের কর্মী জসিম উদ্দিন (২৭) খুন হন। এর আগে গত বুধবার সীতাকুণ্ডে সংগঠনটির নেতা আমিনুল ইসলামের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে জসিম উদ্দিন সাইকেলে করে বগাচতর এলাকা থেকে ডোমখালীর বাড়িতে ফিরছিলেন। স্থানীয় সমিতিরহাট সেতুর কাছে পৌঁছালে দুর্বৃত্তরা লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা চালায়। এ সময় তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে উপজেলা সদরের একটি হাসপাতালে ভর্তি করান। অবস্থার অবনতি হলে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ১২টার দিকে তাঁর মৃত্যু হয়। গতকাল সন্ধ্যায় লাশ দাফন করা হয়। জসিম পাঁচ-ছয় মাস আগে প্রবাস থেকে দেশে ফেরেন। এ ঘটনায় গতকাল শনিবার ভোরে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা শাহেরখালীর ভোরের বাজারে বিক্ষোভ করেছেন।

মিরসরাই উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক নুরুল কবির অভিযোগ করেন, স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগ কর্মী কাইয়ুম, কায়সার, নূর উদ্দীন, ছালেক, শরীফ, রিপনসহ ২০-২৫ জন পিটিয়ে ও কুপিয়ে তাঁদের দলের কর্মী জসিমকে খুন করেছেন।

তবে শাহেরখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. নুরুল মোস্তফা অভিযোগ অস্বীকার করে বলেন, স্থানীয় আওয়ামী লীগ বা অঙ্গসংগঠনের কেউই এ ঘটনার সঙ্গে জড়িত নয়। কোনো দল বা গোষ্ঠী রাজনৈতিক ফায়দা লোটার জন্য ছাত্রলীগ ও যুবলীগ কর্মীদের দায়ী করছে।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ বা মামলা করেনি। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

এর আগে গত বুধবার সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আমিনুলের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। গত ১৭ নভেম্বর ঢাকা থেকে সস্ত্রীক বাড়ি ফেরার পথে কুমিল্লায় যাত্রাবিরতিকালে রেস্তোরাঁ থেকে গোয়েন্দা পরিচয়ে কিছু লোক তাঁকে ধরে নিয়ে যায়। বিষয়টি তাঁর স্ত্রী পরিবারের সদস্যদের জানান।

এই দুটি হত্যাকাণ্ড এবং দলীয় নেতা-কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে জামায়াতে ইসলাম আজ রোববার চট্টগ্রাম নগর ও জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে। গতকাল নগরের দেওয়ানবাজারে জামায়াতের দলীয় কার্যালয়ে এক বৈঠকের পর এই কর্মসূচি ঘোষণা করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াতের নগর আমির ও সাংসদ শামসুল ইসলাম।

নগর জামায়াতের প্রচার সম্পাদক মোহাম্মদ উল্লাহ বলেন, ‘মিরসরাই থেকে লোহাগাড়া পর্যন্ত অর্থাৎ চট্টগ্রাম নগর, উত্তর ও দক্ষিণ সাংগঠনিক জেলা এই কর্মসূচির আওতায় থাকবে। তবে পিএসসি পরীক্ষা হরতালের আওতামুক্ত থাকবে।’