চট্টগ্রামে আজও বৃষ্টি হতে পারে
মৌসুমি বায়ুর প্রভাবে গতকাল বুধবারও চট্টগ্রামে দিনভর থেমে থেমে বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টির ধারা ছিল কখনো মাঝারি, কখনো গুঁড়ি গুঁড়ি। আজ বৃহস্পতিবারও বৃষ্টি হতে পারে। পাশাপাশি পাহাড়ধসের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর।
পতেঙ্গা আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সন্ধ্যা ছয়টা থেকে গতকাল বুধবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও আশপাশের এলাকায় ৫৭ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। তবে নগরের কোথাও জলাবদ্ধতা হয়নি। এতে স্বস্তি পেয়েছে সাধারণ মানুষ। এর আগে গত সোম ও মঙ্গলবার বৃষ্টিতে নগরের বিভিন্ন স্থান পানিতে তলিয়ে যায়।
পতেঙ্গা আবহাওয়া দপ্তরের কর্তব্যরত আবহাওয়াবিদ মেঘনাদ তঞ্চঙ্গ্যা প্রথম আলোকে বলেন, চট্টগ্রাম ও আশপাশের এলাকার অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টি হতে পারে। আবার কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। সেই সঙ্গে পাহাড়ধসের সতর্কবার্তা জারি করা হয়েছে।