চট্টগ্রামে আজকের পরিবহন ধর্মঘট স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীতাকুণ্ডে নাশকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাসের পরিপ্রেক্ষিতে পরিবহন মালিক ও শ্রমিক সংগঠন আজ বুধবারের পরিবহন ধর্মঘট স্থগিত করেছে। তবে কাল বৃহস্পতিবারের ধর্মঘটের ব্যাপারে কেন্দ্র থেকে সিদ্ধান্ত জানানো হবে।

গতকাল মঙ্গলবার চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত বৈঠকের পর আন্তজেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কফিলউদ্দিন আহমেদ ধর্মঘট স্থগিতের এই ঘোষণা দেন।

গতকাল সকালে চট্টগ্রাম জেলা প্রশাসক মো. আবদুল মান্নানের সভাপতিত্বে পরিবহন শ্রমিকদের নিয়ে এক সমঝোতা বৈঠক হয়। বৈঠকে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এ কে এম হাফিজ আক্তার ও প্রশাসনের আরও কিছু কর্মকর্তা এবং পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম জেলা প্রশাসক মো. আবদুল মান্নান সীতাকুণ্ডে দুর্বৃত্তদের ধারাবাহিক নাশকতার ঘটনাকে দুঃখজনক বলে অভিহিত করেন। এই নাশকতা জনগণেরও বিরুদ্ধে। এরা জনগণের দুর্ভোগ বাড়িয়ে দিয়েছে। পরিবহন সেক্টরের ওপর হামলা অব্যাহত রেখেছে। তাই দুর্বৃত্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে।

 চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এ কে এম হাফিজ আক্তার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ককে দেশের ‘লাইফলাইন’ অভিহিত করে বলেন, ‘কিছু দুর্বৃত্ত নাশকতা সৃষ্টি করে রাষ্ট্রের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। এসব দুর্বৃত্তের তালিকা আমরা তৈরি করেছি। ওরা মহাসড়কে হামলা ও অগ্নিসংযোগ অব্যাহত রেখেছে। আমাদের ওপরও হামলা চালানো হচ্ছে। আত্মরক্ষার জন্য আমরাও পাল্টা ব্যবস্থা নেব। ওদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে আমরা পিছপা হব না।’