চট্টগ্রামে চলতি বছরের প্রথম আট মাসে ৬৫৩টি নারী নির্যাতনের ঘটনা ঘটেছে। এই সময়ে নারীর ওপর নানা সহিংসতার ঘটনায় চট্টগ্রামের তিনটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ৩৯৫টি মামলা হয়েছে।
গতকাল বুধবার চট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকার এক রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য দিয়েছে যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্ক, চট্টগ্রাম নামের একটি সংগঠন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার, ডবলমুরিং থানার ভিকটিম সাপোর্ট সেন্টার ও সরকারি আইন সহায়তা কেন্দ্রগুলোর তথ্য পর্যালোচনা করে এই পরিসংখ্যান দিয়েছে সংগঠনটি।
সংবাদ সম্মেলনে যৌন হয়রানি বন্ধে সাত দফা দাবি উপস্থাপন করা হয়।
সংবাদ সম্মেলনে সংগঠনের আহ্বায়ক জেসমিন সুলতানা বলেন, ঘরে-বাইরে নারী নির্যাতনের ঘটনা ঘটছে। প্রভাবশালীদের দাপট ও প্রশাসনের গাফিলতির কারণে অভিযুক্তরা পার পেয়ে যায়। অনেক সময় লোকলজ্জার ভয়েও ভুক্তভোগী নারী নির্যাতনের বিষয়টি গোপন করেন। ফলে সব সময় নারী নির্যাতনের প্রকৃত চিত্র উঠে আসে না। তিনি বলেন, নারী নির্যাতনের যে হার তার মাত্র ১০ শতাংশ প্রকাশ পায়।
সংগঠন প্রতিষ্ঠার উদ্দেশ্য সম্পর্কে জেসমিন সুলতানা বলেন, যৌন হয়রানির প্রতিকার ও প্রতিরোধে সক্রিয় ভূমিকা রাখার জন্য এই নেটওয়ার্ক গঠিত হয়েছে।
সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য দেন নেটওয়ার্কের সদস্য শরীফ চৌহান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নেটওয়ার্কের সদস্য আখতার কবির চৌধুরী, সুনীল ধর, মাহফুজা আক্তার, জোবাইদুর রশিদ, নাসরিন সুলতানা খানম, কামরুন নাহার, সাদিয়া তাজিন।