চট্টগ্রামে আটক চালের উৎস বের করতে পারেনি পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের বহদ্দারহাটের হক মার্কেট থেকে আটক সরকারি চালের উৎস পুলিশ বের করতে পারেনি। গত বুধবার চাল আটকের পর দোকানদারেরা বিভিন্ন কাগজপত্র পুলিশকে দেখিয়েছেন। পুলিশ বলেছে, এসব কাগজের মধ্যে কোনো সমন্বয় নেই।মামলার তদন্ত কর্মকর্তা ও চান্দগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ ইলিয়াস গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, ‘ব্যবসায়ীরা বলছেন এসব চাল চাক্তাই, পাহাড়তলী ও রাঙামাটি থেকে আনা হয়েছে। কিন্তু ট্রাকের মালিক দাবি করেছেন চালগুলো আনা হয়েছে আশুগঞ্জ থেকে। কাজেই আমরা চাল পাচারের মূল উৎস জানার চেষ্টা করছি।’ তিনি বলেন, আটক করা চালের বস্তা গোনা গতকাল শেষ হয়েছে। সর্বমোট চালের পরিমাণ ৩৫০ বস্তা।নাম প্রকাশ না করার শর্তে একাধিক পুলিশ কর্মকর্তা বলেন, চাল উদ্ধারের বিষয় নিয়ে গতকাল চট্টগ্রামের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা বৈঠক করেন। কারণ, দোকানদারেরা কিছু কাগজপত্র দেখিয়ে বলছেন, এগুলো পার্বত্য চট্টগ্রামের শান্তকরণ কর্মসূচির চাল। বাস্তবে এসব কাগজের সঙ্গে চালের চালানের সম্পর্ক আছে কি না তা খুঁজে বের করতে একাধিক কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।