চট্টগ্রামে আটটি কিরিচ ও রডসহ বিশ্ববিদ্যালয়ের দুজন ছাত্র আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার শুলকবহরে মাদ্রাসা সড়কের একটি মেস থেকে কিরিচ ও রডসহ বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রকে পুলিশ আটক করেছে। তাঁদের একজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং অন্যজন বেসরকারি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তাঁরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনের বগিভিত্তিক রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট বলে পুলিশ ধারণা করছে।পুলিশ সূত্র জানায়, আটক দুই ছাত্র হলেন: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রথম বর্ষের (পুরাতন) ছাত্র রফিক উদ্দিন (২২) এবং প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র তাহিজুল আক্তার ওরফে জুয়েল (২২)। মেস থেকে পুলিশ আটটি লম্বা কিরিচ ও দুটি রড উদ্ধার করেছে। দুজনের বাড়ি যথাক্রমে কক্সবাজারের উখিয়ার রাজপালং ও পালংখালী ইউনিয়নে। তাঁরা শুলকবহরের জাহেদ ভবনের দোতলার একটি মেসে থাকতেন। পুলিশ তাঁদের রাজনৈতিক সম্পৃক্ততার বিষয়টি তদন্ত করছে।চট্টগ্রাম নগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) আমেনা বেগম বলেন, ‘আমরা এখনো তাঁদের রাজনৈতিক পরিচয় পাইনি। তবে তাঁরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বগিভিত্তিক রাজনীতির সঙ্গে যুক্ত বলে প্রাথমিকভাবে আমরা ধারণা করছি। অস্ত্রগুলোও এ কাজে ব্যবহারের জন্য আনা হতে পারে। তদন্তের পর বিষয়টি পরিষ্কার হবে।’সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনের বগিভিত্তিক বিভিন্ন পক্ষের ছাত্রদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এ কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়।জানা গেছে, মেসের তিনটি কক্ষে মোট আটজন ছাত্র থাকতেন। অভিযানের সময় মেসে এ দুজন ছাড়া আর কেউ ছিলেন না। তাহিজুলের কক্ষের একটি টেবিলের নিচ থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। ওই কক্ষে এমদাদ ও রিয়াদ নামে আরও দুই ছাত্র থাকেন। রিয়াদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বগিভিত্তিক রাজনীতির সঙ্গে জড়িত।পাঁচলাইশ অঞ্চলের সহকারী কমিশনার আবদুল মান্নান বলেন, ‘মেসের দোতলার একটি কক্ষ থেকে আমরা অস্ত্রগুলো উদ্ধার করি। এ সময় মেসে দুই ছাত্র ছাড়া আর কেউ ছিল না। মেসে মোট আটজন থাকে।’আটক তাহিজুল বলেন, ‘আমি যে কক্ষে থাকি, ওই কক্ষে রিয়াদের টেবিলের নিচ থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। আমি ওই মেসে উঠেছি প্রায় দেড় মাস আগে। আমি অস্ত্রের বিষয়ে কিছু জানি না।’আরেক ছাত্র রফিক উদ্দিন দুই মাস আগে মেসে উঠেছেন দাবি করে বলেন, তিনি সবাইকে ভালো করে চেনেন না। কারা কীভাবে এসব অস্ত্র এনেছেন, তা-ও তিনি জানেন না।