চট্টগ্রামে আদালতে ফেনসিডিলসহ গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের একটি আদালতে বিচারকাজ চলাকালে এজলাস থেকে ফেনসিডিলসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালত ওই ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার নির্দেশ দিয়েছেন। গতকাল মঙ্গলবার বেলা একটার দিকে চট্টগ্রাম মহানগর হাকিম-১ নূরে আলম ভুঞার আদালত থেকে ওই ব্যক্তিকে দুই বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম দিদারুল আলম (৩২)। তিনি নগরের হালিশহর থানাধীন রঙ্গিপাড়ার মোহাম্মদ রফিকের ছেলে। তিনি এই আদালতে বিচারাধীন একটি চেক প্রতারণা মামলার সাক্ষী। আদালত সূত্র জানায়, গ্রেপ্তার দিদারুলের ভাই নজরুল ইসলাম ২০১১ সালের ২১ ফেব্রুয়ারি আদালতে আলাউদ্দিন ও ইফতেখার উদ্দিন নামের দুই ব্যক্তিকে আসামি করে চেক প্রতারণার একটি মামলা করেন। ওই মামলায় আগেই আদালতে সাক্ষী দিয়েছেন দিদারুল। গতকাল মামলাটির যুক্তি-তর্ক উপস্থাপনের নির্ধারিত দিনে নজরুল ও দিদারুল আদালতে আসেন। আদালতে কর্তব্যরত পুলিশ সদস্য কনস্টেবল বিশ্বজিৎ ধর প্রথম আলোকে বলেন, ‘আদালতের কার্যক্রম চলাকালে দিদারুল কাঠগড়ার পাশে একটি থলে নিয়ে দাঁড়িয়ে ছিলেন। তাঁর গতিবিধি সন্দেহজনক হওয়ায় আমি থলে খুলে দেখাতে বলি। কিন্তু তিনি তল্লাশি চালাতে বাধা দেন। পরে তাঁকে জাপটে ধরে থলে তল্লাশি করে দুই বোতল ফেনসিডিল পাই।’ গ্রেপ্তারের পর দিদারুলকে কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়েছে। কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) তালাত মাহমুদ গতকাল বিকেলে প্রথম আলোকে জানান, আদালত দিদারুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার নির্দেশ দিয়েছেন। সে অনুসারে মামলার প্রস্তুতি চলছে।