চট্টগ্রামে আনন্দ মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিজামীর ফাঁসির রায় ঘোষণার পরই গতকাল চট্টগ্রামে আনন্দ মিছিল ও সমাবেশ করে গণজাগরণ মঞ্চ। ছবিটি চেরাগী পাহাড় মোড় থেকে তোলা l প্রথম আলো
নিজামীর ফাঁসির রায় ঘোষণার পরই গতকাল চট্টগ্রামে আনন্দ মিছিল ও সমাবেশ করে গণজাগরণ মঞ্চ। ছবিটি চেরাগী পাহাড় মোড় থেকে তোলা l প্রথম আলো

মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় ঘোষণার পরই গতকাল চট্টগ্রামে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে গণজাগরণ মঞ্চ। সমাবেশ থেকে যাবতীয় প্রক্রিয়া শেষ করে রায় দ্রুত কার্যকর করার দাবি জানান বক্তারা।
রায় ঘোষণার আগে থেকে গণজাগরণ মঞ্চের কর্মীরা নগরের চেরাগী পাহাড় মোড়ে জড়ো হয়ে ফাঁসির দাবিতে স্লোগান দেন। রায় ঘোষণার সঙ্গে সঙ্গে তাঁরা আনন্দে মেতে ওঠেন। এরপর বিকেলে একই স্থান থেকে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। রায়ে সন্তোষ প্রকাশ করে গণজাগরণ মঞ্চের কর্মীরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘ অপেক্ষার পর এই রায় পাওয়া গেছে। নিজামীর মতো খুনি রাজাকারের ফাঁসির রায় হওয়ায় জাতি আজ সন্তুষ্ট। এই রায়ে আজ শহীদদের আত্মা শান্তি পাবে।
বক্তারা আরও বলেন, ‘এ দেশের মাটিতে কোনো যুদ্ধাপরাধীর ঠাঁই হবে না। আমরা সব যুদ্ধাপরাধীর সর্বোচ্চ শাস্তি চাই। নিজামীর রায় দ্রুত কার্যকর করতে হবে।’
সমাবেশে উদীচীর সহসভাপতি চন্দন দাশ, গণজাগরণ মঞ্চের সমন্বয়ক শরীফ চৌহান, প্রমার সভাপতি রাশেদ হাসান, সংস্কৃতিকর্মী সুনীল ধর প্রমুখ বক্তব্য দেন। পরে শহীদ মিনারে মিষ্টি বিতরণ করা হয়।