বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধন উপলক্ষে গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম নগরের বিভিন্ন স্থানে আনন্দ শোভাযাত্রা বের হয়েছে। আন্দরকিল্লা, জামালখান, আগ্রাবাদ ও লালখান বাজার এলাকায় উৎ সাহী ক্রীড়ামোদীদের খণ্ড খণ্ড শোভাযাত্রা দেখা গেছে।শোভাযাত্রায় নানা রকম বাদ্যযন্ত্রের পাশাপাশি জাতীয় পতাকা, বাংলাদেশ ক্রিকেট দলকে নিয়ে বিভিন্ন স্লোগান সংবলিত ব্যানার-ফেস্টুন স্থান পায়। এসব ব্যানার-ফেস্টুনে লেখা ছিল ‘এগিয়ে যাও বাংলাদেশ’। জামালখান এলাকা থেকে বের হওয়া শোভাযাত্রায় ছিল বিশাল জাতীয় পতাকা।এদিকে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান দেখার জন্য এম এ আজিজ স্টেডিয়াম প্রাঙ্গণে স্থাপন করা হয় দুটি বড় পর্দা। বড় পর্দায় উদ্বোধনী অনুষ্ঠান দেখতে সন্ধ্যায় এখানে ভিড় জমায় সর্বস্তরের ক্রীড়ামোদীরা। অনুষ্ঠান চলাকালে পর্দায় বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়দের দেখে দর্শকেরা ‘বাংলাদেশ, বাংলাদেশ’ ধ্বনিতে মুখর করে তোলে স্টেডিয়াম এলাকা।বিশ্বকাপের উদ্বোধন উপলক্ষে গতকাল আতশবাজি উৎ সবও করা হয় এম এ আজিজ স্টেডিয়াম প্রাঙ্গণে।চট্টগ্রাম সিটি করপোরেশন কাল শনিবার নগরের বিভিন্ন স্থানে বড় পর্দা লাগাবে বলে জানিয়েছেন সিটি করপোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনি।