চট্টগ্রামে আন্তর্জাতিক উইমেন এসএমই এক্সপো শুরু
চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে ‘আন্তর্জাতিক ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা (এসএমই) প্রদর্শনী’ গতকাল শনিবার থেকে শুরু হয়েছে।
বস্ত্র ও পাটমন্ত্রী মো. আবদুল লতিফ সিদ্দিকী মাসব্যাপী এ প্রদর্শনী উদ্বোধন করেন। চট্টগ্রাম উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সপ্তমবারের মতো এ মেলার আয়োজন করেছে। অনুষ্ঠানে বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, এখন হরতালের নামে যা হচ্ছে তা রাজনৈতিক নয়। এর একমাত্র লক্ষ্য যুদ্ধাপরাধীদের মুক্ত করা, বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা এবং বাংলাদেশের অগ্রগতিতে বাধা সৃষ্টি করা।
উইমেন চেম্বারের সভাপতি কামরুন মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাংসদ এম এ লতিফ, চেমন আরা তৈয়ব ও মাহজাবীন মোরশেদ, এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ, প্রথম সহসভাপতি মনোয়ারা হাকিম আলী, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের উপাচার্য ফাহিমা আজিজ প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মেলা আয়োজক কমিটির সভাপতি সৈয়দা জিন্নাত আরা নিপুণ।
পাট ও বস্ত্রমন্ত্রী বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধের বিরোধিতা-কারীদের রক্ষা করার জন্য যারা হরতাল ডাকে তারা দেশের শত্রু। অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের এ বৈরী পরিবেশের মধ্যেও নারীরা লড়াকু মনোভাবের পরিচয় দিচ্ছেন। এতে তাঁদের উদ্যোগের ফলে দেশ ও জাতি অনেক এগিয়ে যাবে। মেলা কমিটি সূত্রে জানা গেছে, মেলায় ইরান, পাকিস্তান ও ভারতসহ দেশ-বিদেশের উদ্যোক্তারা অংশ নিচ্ছেন।