চট্টগ্রামে আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু
চট্টগ্রাম নগরের শুরু হয়েছে আন্তর্জাতিক পর্যটন মেলা। গতকাল বৃহস্পতিবার সকালে দ্য পেনিনসুলা চিটাগাং হোটেলে তিন দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। ‘চিটাগাং ট্রাভেল মার্ট-২০১৫’ শীর্ষক এ মেলার আয়োজক ভ্রমণবিষয়ক পাক্ষিক দ্য বাংলাদেশ মনিটর।
মেলায় দেশি-বিদেশি বিমান সংস্থা, জাতীয় পর্যটন কর্তৃপক্ষ, ট্যুর অপারেটর, হোটেল, রিসোর্ট, বিনোদন পার্ক ও পর্যটন ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। মেলা চলাকালে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো বিমান টিকিট, ট্যুর প্যাকেজ, হোটেল রুমের ভাড়ায় বিশেষ মূল্যছাড়সহ বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে রাশেদ খান মেনন বলেন, কক্সবাজার, তিন পার্বত্য জেলা ও চট্টগ্রামে পর্যটন খাতের অপার সম্ভাবনা রয়েছে। এই অঞ্চলে সাগর, পাহাড়, নদী ও বন রয়েছে। এসব সৌন্দর্য বিশ্বের অনেক দেশের অনেক শহরে একসঙ্গে নেই। পর্যটন খাতে বেসরকারি উদ্যোক্তারা এগিয়ে এলে সব ধরনের সহায়তার আশ্বাস দেন মন্ত্রী।
মন্ত্রী বলেন, আন্তর্জাতিক অনেক রুটে বিভিন্ন উড়োজাহাজ সংস্থা অনেক প্যাকেজ দেয়। কিন্তু সে তুলনায় বিমান বাংলাদেশ এয়ারলাইনস অনেক পিছিয়ে আছে। আন্তর্জাতিক রুটে বিমান বাংলাদেশের সেবার পরিধি সম্প্রসারণ না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে বক্তব্য দেন এফবিসিসিআইয়ের সহসভাপতি মাহবুবুল আলম, দ্য বাংলাদেশ মনিটর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম। আগামীকাল শনিবার পর্যন্ত প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে।