চট্টগ্রামে আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু হচ্ছে ১৭ ডিসেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৭ ডিসেম্বর চট্টগ্রামে শুরু হচ্ছে আন্তর্জাতিক পর্যটন মেলা। নগরের দ্য পেনিনসুলা চিটাগাং হোটেলে তিন দিনব্যাপী এ মেলার উদ্বোধন করবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট মাহবুবুল আলম।
মেলার আয়োজক ভ্রমণবিষয়ক পাক্ষিক দ্য বাংলাদেশ মনিটর। সপ্তমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া এ মেলার পোশাকি নাম চিটাগাং ট্রাভেল মার্ট ২০১৫।
মেলায় দেশি-বিদেশি বিমান সংস্থা, ট্যুর অপারেটর, হোটেল, রিসোর্ট, বিনোদন পার্ক, পর্যটন কর্তৃপক্ষ ও পর্যটন ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নেবে। মেলায় দর্শনার্থীদের জন্য অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো বিশেষ মূল্য ছাড়সহ বিভিন্ন সুযোগ–সুবিধা দেবে।
প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত পর্যটন মেলা চলবে। এটি সবার জন্য উন্মুক্ত। বিজ্ঞপ্তি।