চট্টগ্রামে আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হচ্ছে শুক্রবার
চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন হচ্ছে কাল শুক্রবার। নগরের পলোগ্রাউন্ড মাঠে মাসব্যাপী এ মেলা চলবে। এবারের মেলায় দেশি-বিদেশি ৪৫০টি প্রতিষ্ঠান অংশ নেবে। চট্টগ্রাম চেম্বার এ নিয়ে ২৪তম বারের মতো এ মেলার আয়োজন করছে।
গতকাল বুধবার দুপুরে আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু মিলনায়তনে মেলা উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় চেম্বারের সভাপতি মাহবুবুল আলম, মেলা কমিটির কো-চেয়ারম্যান সৈয়দ জামাল আহমেদসহ চেম্বারের পরিচালকেরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে মাহবুবুল আলম বলেন, পণ্য বেচাকেনার চেয়েও দেশীয় পণ্যের প্রদর্শন এবং আন্তর্জাতিকভাবে দেশীয় পণ্যের পরিচিতি তুলে ধরার বড় মাধ্যম হিসেবে ভূমিকা রাখছে চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা। এ কারণে উদ্যোক্তারা চেম্বারের এই মেলার জন্য মুখিয়ে থাকেন।
লিখিত বক্তব্যে মেলা কমিটির কো-চেয়ারম্যান সৈয়দ জামাল আহমেদ বলেন, কাল শুক্রবার বেলা তিনটায় পলোগ্রাউন্ড মাঠে মেলার উদ্বোধন করবেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন। প্রধান অতিথি থাকবেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। মাসব্যাপী এ মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে। মেলায় প্রবেশমূল্য ১০ টাকা।
লিখিত বক্তব্যে জানানো হয়, প্রায় চার লাখ বর্গফুট জায়গাজুড়ে এবার মেলা অনুষ্ঠিত হবে। ৪৩টি প্যাভিলিয়ন, ২৩১টি ছোট-বড় স্টলে ৪৫০টি প্রতিষ্ঠান তাদের পণ্য প্রদর্শন করবে। ১২ বছরের মতো এবারের মেলাও পার্টনার কান্ট্রি হিসেবে থাকছে থাইল্যান্ড। এ ছাড়া ভারত, চীন ও ইরানের ব্যবসায়ীরাও পণ্য নিয়ে হাজির হবেন মেলায়। থাইল্যান্ডসহ এই চার দেশের পণ্যের প্রদর্শনীর জন্য ২৩ হাজার বর্গফুট জায়গা বরাদ্দ করা হয়েছে।
সৈয়দ জামাল আহমেদ বলেন, ২৩ বছর ধরে দেশীয় শিল্পের প্রসারে এই মেলা আয়োজন করে আসছে চট্টগ্রাম চেম্বার। মেলায় ক্ষুদ্র ও মাঝারি শিল্পের পণ্য, দেশীয় রপ্তানিমুখী বৃহৎ শিল্প, বহুজাতিক কোম্পানি ও বিদেশি পণ্য বিপণনকারী প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।