চট্টগ্রামে আন্তর্জাতিক সুফি সম্মেলন শুরু
চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে গতকাল শুক্রবার শুরু হয়েছে দুই দিনব্যাপী তৃতীয় আন্তর্জাতিক সুফি সম্মেলন। এর আয়োজন করেছে মাইজভান্ডারি একাডেমি।সকালে সম্মেলনের উদ্বোধন করেন মাইজভান্ডারি একাডেমির প্রধান উপদেষ্টা ও আন্তর্জাতিক সুফি সম্মেলনের সভাপতি সৈয়দ মোহাম্মদ হাসান।পরে নগরের খুলশী এলাকায় বিজিএমইএ মিলনায়তনে ‘সমসাময়িক কালের বিশ্বে সুফিবাদ, বস্তুবাদ ও ধর্মীয় সম্প্রীতির অবস্থা’ শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক মুহম্মদ আবদুল মান্নান চৌধুরী। আলোচক ছিলেন কবি ইশারাফ হোসেন, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়ার (আইআইইউএম) শিক্ষক দাতো বাহারউদ্দিন আহমদ, নূর মোহাম্মদ ওসমানী, ইব্রাহীম মোহাম্মদ জেইন, তুরস্কের ধর্মতাত্ত্বিক এসির ইজিয়ক প্রমুখ।গোলটেবিল বৈঠকে বক্তারা বলেন, সর্বাঙ্গীণ শুদ্ধাচার অনুশীলন পদ্ধতির নাম সুফিবাদ। সমসাময়িক বিশ্বে সুফিবাদ ইসলামের প্রাণ। কিন্তু যেকোনো উপায়ে সম্পদ আহরণই বস্তুবাদের লক্ষ্য। এ ধরনের দর্শন মানবকল্যাণকামী হতে পারে না। তাই সবাইকে বস্তুবাদের ঊর্ধ্বে উঠে অধ্যাত্মবাদ চর্চার মাধ্যমে বিশ্বশান্তি প্রতিষ্ঠার কাজে এগিয়ে যেতে হবে।সন্ধ্যায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ‘সুফিবাদ ও বিশ্বশান্তি’বিষয়ক আলোচনায় প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র মোহাম্মদ মন্জুর আলম।সুফি সম্মেলনে ভারত, মালয়েশিয়া, সুদান, যুক্তরাষ্ট্র, তুরস্ক, মিসরের ইসলামি চিন্তাবিদ ও গবেষকেরা অংশ নিয়েছেন বলে আয়োজকেরা জানান।