চট্টগ্রামে আন্দোলনে ভিন্ন কৌশলে মাঠে বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিছিলে পুলিশের বাধা এবং ভ্রাম্যমাণ আদালত বসিয়ে পিকেটারদের তাৎক্ষণিক দণ্ড দেওয়ায় হরতালে রাজপথে থাকতে ভিন্ন কৌশল নিয়েছে বিএনপি। ৩৬ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিন দলীয় কার্যালয় নাসিমন ভবনের আশপাশে নেতা-কর্মীদের উপস্থিতি কম ছিল।হরতালের দুই দিনে চট্টগ্রাম নগরে বিএনপি-জামায়াতের ৬৯ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে ভ্রাম্যমাণ আদালত ৩৬ জন নেতা-কর্মীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা দেন।দলীয় সূত্রে জানা গেছে, পুলিশের বাধার কারণে হরতালের দুই দিন বিএনপির বেশির ভাগ নেতা-কর্মী নাসিমন ভবনের কাছে ঘেঁষতে পারেননি। তাই স্থানীয় নেতারা কৌশল পাল্টে নগরের অন্তত ছয়টি মোড়ে ঝটিকা মিছিল-সমাবেশ করেন। ভবিষ্যতে বড় বড় কর্মসূচিতে এ আন্দোলন নগরের সর্বত্র ছড়িয়ে দিতে তৃণমূল নেতা-কর্মীদের তাগাদা দেওয়া হয়েছে। নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘দলীয় কার্যালয় নাসিমন ভবনে আমাদের কর্মসূচি পালিত হবে। সরকারের নিপীড়নমূলক পদক্ষেপের কারণে এবারের হরতালের মতো নগরের সর্বত্র আমরা আন্দোলন ছড়িয়ে দিতে চাই।’আমীর খসরু আরও বলেন, ‘সরকার সংবিধান ও আইনের শাসনবিরোধী কালো আইন প্রয়োগ তথা ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আমাদের নেতা-কর্মীদের কারাগারে পাঠিয়েছে। সরকার পুলিশ দিয়ে গোটা নগরকে হয়তো অবরুদ্ধ করে রাখবে। কিন্তু অবরুদ্ধ নাগরিকেরা সরকারের অগণতান্ত্রিক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলবে।’পুলিশের বাধার কারণে হরতালের শেষ মুহূর্তে সোমবার বিকেলে নাসিমন ভবনে মাত্র ৫০ জনের মতো দলীয় নেতা-কর্মী নিয়ে সমাবেশ করেন আমীর খসরু। এর আগে ওই দিন ভোর থেকে কাজীর দেউড়ী, আসকারদীঘির পাড়, লাভলেইন, জুবিলী রোড, আলমাস সিনেমা হল, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের চট্টগ্রাম কার্যালয়সহ আশপাশের এলাকায় বিপুলসংখ্যক পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়। এ কারণে নগরের বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে বেশির ভাগ নেতা-কর্মী নাসিমন ভবনে যেতে পারেননি। ৫ জুনের হরতালে পুলিশের সঙ্গে বিএনপি-সমর্থকদের তুমুল সংঘর্ষ হয়। ওই সময় অন্তত ৩০টি গাড়ি ও কয়েকটি দোকান ভাঙচুরের ঘটনা ঘটে। সংঘর্ষে পুলিশসহ অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হন।দলীয় সূত্র জানায়, ৩৬ ঘণ্টার হরতাল কর্মসূচির সময় নেতা-কর্মীরা নাসিমন ভবনে যাওয়ার পথে বাধা পেয়ে নগরের বহদ্দারহাট, অক্সিজেন বাসস্ট্যান্ড, অলংকার, সিমেন্ট ক্রসিং, বিমান চত্বর ও দেওয়ানহাট—এ ছয়টি মোড়ে তাৎক্ষণিক মিছিল-সমাবেশ করে। এসব মোড়ে দলীয় নেতা-কর্মীদের উপস্থিতি মোটামুটি সন্তোষজনক ছিল। নগর পুলিশ কমিশনার মোহাম্মদ আবুল কাশেম প্রথম আলোকে বলেন, ‘রাজনীতি থাকলে রাজনৈতিক কর্মসূচিও থাকবে। তবে কর্মসূচি পালনের নামে ভাঙচুর ও অগ্নিসংযোগ হলে আমাদের আইনগত ব্যবস্থা নিতে হয়।’